২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘ইরান প্রশ্নে ওবামা-নেতানিয়াহুর মতৈক্য’

ইরানকে পরমাণু অস্ত্র অর্জন থেকে বিরত রাখার ব্যাপারে মতৈক্যে পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা ও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। শুক্রবার হোয়াইট হাউস এ তথ্য জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Sep 2012, 04:06 AM

Updated : 24 Aug 2022, 12:13 PM

ওয়াশিংটন, সেপ্টেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইরানকে পরমাণু অস্ত্র অর্জন থেকে বিরত রাখার ব্যাপারে মতৈক্যে পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা ও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। শুক্রবার হোয়াইট হাউস এ তথ্য জানিয়েছে। এর মধ্যদিয়ে তেহরানকে মোকাবিলায় ওবামা ও নেতানিয়াহুর মতপার্থক্য দূর হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। যুক্তরাষ্ট্র সফরের সময় ওবামার সঙ্গে সাক্ষাত হয়নি নেতানিয়াহুর। টেলিফোনে ওই দুই নেতা কথা বলেন। নেতানিয়াহু জাতিসংঘের সাধারণ পরিষদে বৃহস্পতিবার দেওয়া ভাষণকে ইরানের পরমাণু প্রকল্পের ‘সীমা’ বেঁধে দিতে ওয়াশিংটনের ওপর চাপ সৃষ্টির কৌশল হিসেবে ব্যবহার করেছেন। তবে ইরানের ওপর হামলার ব্যাপারে নেতানিয়াহু কিছুটা নমনীয়তা প্রদর্শন করেছেন। তিনি আভাস দিয়েছেন আসন্ন ৬ নভেম্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের আগে ইরানে হামলার কোনো পরিকল্পনা ইসরায়েলের নেই। এক বিবৃতিতে হোয়াইট হাউস জানিয়েছে, “ইরানের পরমাণু অস্ত্র অর্জন প্রতিরোধে দুই নেতাই একমত হয়েছেন।” তবে নেতানিয়াহুর দাবি অনুযায়ী ওবামা ইরানকে যে কোনো পর্যায়ে কোনো ‘সীমা’ বেঁধে দেওয়ার বিষয়ে আভাস দিয়েছেন কিনা এ ব্যাপারে বিবৃতিতে কোনোকিছু বলা হয়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/০৯৫১ ঘ.