বেইজিং, সেপ্টেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-- চীনে সবচেয়ে বড় কেলেঙ্কারি জর্জরিত শীর্ষ রাজনীতিবিদ বো জিলাইকে কমিউনিস্ট পার্টি থেকে বহিষ্কার করা হয়েছে। কয়েকটি অপরাধের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।
দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার, বড় অঙ্কের ঘুষ গ্রহণ ও নারী সংসর্গের অভিযোগে জিলাইয়ের বিচার করা হবে বলে জানিয়েছে রাষ্ট্রীয় গণমাধ্যম।
বো জিলাই এর আগে তার সাবেক পুলিশ প্রধান ওয়াং লিজুনকে নিয়ে কেলেঙ্কারির মুখে গত এপ্রিলে চংকিং প্রদেশের কমিউনিস্ট পার্টি প্রধানের পদ থেকে অপসারিত হন।
এরপর অগাস্টে স্ত্রী গু কাইলাইয়ের বিরুদ্ধে ব্রিটিশ ব্যবসায়ী নেইল হেউডকে হত্যার অভিযোগ নিয়ে আরেক দফা কেলেঙ্কারিতে পড়েন জিলাই।
এ খুনের মামলায় কাইলাইসহ তার গৃহকর্মী ঝাং ঝিয়াউজুনের কারাদণ্ড হয়েছে। তাছাড়া, খুনের ঘটনাটি ধামাচাপা দেয়াসহ আরো কয়েকটি অভিযোগে ১৫ বছরের জেল হয়েছে ওয়াং লিজুনেরও।
কেলেঙ্কারি শুরুর পর থেকেই জিলাইকে জনসম্মুখে দেখা যায়নি। তাকে নিয়ে তদন্ত চলছিল বলে শোনা যায়।
শুক্রবার চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া এক সরকারি বিববৃতিতে বলেছে, “খুনের ঘটনায় বো জিলাই ক্ষমতার অপব্যবহার করেছেন। মারাত্মক ভুল করেছেন তিনি। আর সে কারণে এ ঘটনায় তার বড় ধরনের দায় আছে।”
এতে আরো বলা হয়, “জিলাইয়ের কর্মকাণ্ড মারাত্মক পরিণতি ডেকে এনেছে; এতে ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি এবং রাষ্ট্রের চরম সুনামহানি হয়েছে।”
জিলাই যে সমস্ত ভুল করেছেন সেগুলো ছাড়াও ওয়াং লিজুন এবং গু কাইলাইয়ের আন্তর্জাতিক হত্যাকাণ্ডের ঘটনায় তিনি যে দোষ করেছেন তার কারণে তাকে কমিউনিস্ট পার্টি এমনকি চীনের অভিজাত সিদ্ধান্ত-প্রণয়নকারী পলিটব্যুরো ও কেন্দ্রীয় কমিটি থেকেও বহিষ্কার করা হয়েছে বলে জানান হয় বিবৃতিতে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএস/এলকিউ/১৭৪৫ঘ.
bdnews24