২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরানের জন্য ‘সীমা’ বেঁধে দেয়ার দাবি নেতানিয়াহুর

এক বছরের কম সময়ের মধ্যেই ইরান পরমাণু বোমা নির্মাণের দ্বারপ্রান্তে পৌঁছে যাবে- এমন ধারণা দিয়ে ইরানি পরমাণু প্রকল্পের জন্য একটি ‘চূড়ান্তসীমা’ (রেডলাইন) বেঁধে দেয়ার আহ্বান জানিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Sep 2012, 07:13 AM

Updated : 24 Aug 2022, 12:13 PM

জাতিসংঘ, নিউইয়র্ক, সেপ্টেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- এক বছরের কম সময়ের মধ্যেই ইরান পরমাণু বোমা নির্মাণের দ্বারপ্রান্তে পৌঁছে যাবে- এমন ধারণা দিয়ে ইরানি পরমাণু প্রকল্পের জন্য একটি ‘চূড়ান্তসীমা’ (রেডলাইন) বেঁধে দেয়ার আহ্বান জানিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বৃহস্পতিবার জাতিসংঘের সাধারণ পরিষদে দেওয়া ভাষণের সময় তিনি পরমাণু বোমার নকশা আঁকা একটি ড্রইং উঁচিয়ে ধরে তাতে একটি লাল রেখা টেনে দেন। ইসরায়েলের আহ্বান সত্বেও ইরানের পরমাণু প্রকল্পের জন্য কোনো ‘চূড়ান্তসীমা’ নির্ধারণে অস্বীকৃতি জানিয়েছিল যুক্তরাষ্ট্র। এবার তিনি জাতিসংঘে একই প্রসঙ্গ তুললেন। ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ গ্রহণের প্রশ্নে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবার সঙ্গেও বিরোধে জড়িয়ে পড়েছেন নেতানিয়াহু। অবশ্য জাতিসংঘের সাধারণ পরিষদে দেয়া ভাষণে তিনি আভাস দিয়েছেন, আগামী ৬ নভেম্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের আগে ইরানে হামলা চালানোর কোনো অভিপ্রায় তাদের নেই। নেতানিয়াহুর দেখানো বোমার নকশায় কয়েকটি দাগ দিয়ে প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ ও চূড়ান্ত ধাপ নির্দেশ করা ছিল। চূড়ান্ত ধাপের ওপরে একটি ফিউজও আঁকা ছিল। ভাষণের মধ্যেই নেতানিয়াহু চূড়ান্ত ধাপের নিচে একটি লাল রেখা এঁকে দেন। ‘চূড়ান্ত ধাপ’ দিয়ে ওই ছবিতে বোমা বানানোর মতো প্রয়োজনীয় উপাদানের ৯০ শতাংশ জড়ো করার সক্ষমতা বোঝানো হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, চূড়ান্ত ধাপ পর্যন্ত যেতে পারলে ২০ শতাংশ পর্যন্ত সমৃদ্ধ করার মতো পর্যাপ্ত ইউরেনিয়াম ইরানের হাতে থাকবে যা আরো সমৃদ্ধ করে দ্রুত পরমাণু বোমা তৈরি করতে পারবে দেশটি। জাতিসংঘকে নেতানিয়াহু জানিয়েছেন, তিনি বিশ্বাস করেন পরিষ্কার একটি ‘শেষসীমা’ আঞ্চলিক অর্থনীতিতে শঙ্কা তৈরি করে ইরানকে সঙ্কটে ফেলে দেবে, যার পরিণামে ইরান বোমা তৈরি থেকে বিরত থাকবে। “আর এই সুযোগে নিষেধাজ্ঞা আরোপ ও কূটনৈতিক তৎপরতা চালানোর মাধ্যমে পরমাণু অস্ত্র কর্মসূচি থেকে ইরানকে পুরোপুরি সরিয়ে আনার জন্য প্রভাবিত করতে পর্যাপ্ত সময় পাওয়া যাবে,” বলেন তিনি। ইরানের পরমাণু প্রকল্পের কোন পর্যায়ে ইসরায়েল তেহরানের পরমাণু স্থাপনায় হামলা চালাতে পারে, নেতানিয়াহুর বক্তব্যের মাধ্যমে সে বিষয়ে একটি পরিষ্কার ধারণা পাওয়া গেল বলে মনে করা হচ্ছে। তবে ইসরায়েলের এই হামলার বিষয়টি যে কোনো সময় অন্য দিকে মোড় নিতে পারে বলেও আভাস দিয়েছেন নেতানিয়াহু। এতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের আগে ইরানে ইসরায়েলি হামলার সম্ভাবনাটিও পুরোপুরি বাতিল হয়ে যায়নি বলে ধারণা করছেন পর্যবেক্ষকরা। জাতিসংঘের অধিবেশনে যোগ দেওয়া ইরানি প্রতিনিধিদল “ভিত্তিহীন ও উদ্ভট অভিযোগ” তোলার জন্য নেতানিয়াহুকে অভিযুক্ত করে বলেছেন, “যে কোনো হামলার বিরুদ্ধে সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়ার পূর্ণ অধিকার আছে ইরানের।” সাধারণ অধিবেশেনের ভাষণ শেষে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের সঙ্গে এক ঘন্টা ১৫ মিনিট ধরে বৈঠক করেন নেতানিয়াহু। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১৩০০ ঘ.