নিউ ইয়র্ক, সেপ্টেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- লিবিয়ার রাজধানী ত্রিপোলির দূতাবাস থেকে অস্থায়ীভাবে কর্মী সংখ্যা কমিয়ে আনছে যুক্তরাষ্ট্র। নিরাপত্তার কারণে অস্থায়ীভাবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আগামী সপ্তায় তাদের আবার ফেরত পাঠানো হবে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
চলতি মাসের ১১ তারিখ বেনগাজিতে মার্কিন দূতাবাসে বিক্ষুব্ধ জনতার হামলায় মার্কিন রাষ্ট্রদূত ক্রিস্টোফার স্টিভেন্সসহ চার মার্কিনি নিহত হন।
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী বেনগাজির এই ঘটনাকে ‘সন্ত্রাসী’ হামলা বলে অভিহিত করেন।
যুক্তরাষ্ট্রে ইসলাম ধর্মকে হেয় করে একটি চলচ্চিত্র নির্মিত হওয়ার প্রতিবাদে মার্কিন দূতাবাসে হামলার ঘটনা ঘটে। শুধু লিবিয়াতেই নয়, মুসলিম অধ্যুষিত বিশ্বের বেশ কয়েকটি রাষ্ট্রেও মার্কিন দূতাবাসে হামলার ঘটনা ঘটে।
মুসলিম অধ্যুষিত দেশগুলোতে শুক্রবার জুমা নামাজের পর বিক্ষোভ হওয়ার সম্ভাবনা রয়েছে। গত কয়েক শুক্রবারও এই ঘটনা ঘটেছে।
ত্রিপোলির মার্কিন দূতাবাসের ওয়েবসাইটে দেওয়া এক বিবৃতিতে সতর্ক করা হয়, শুক্রবার রাজধানী ত্রিপোলি ও বেনগাজিতে বিক্ষোভ হওয়ার সম্ভাবনা রয়েছে।
তবে ত্রিপোলি থেকে ঠিক কত সংখ্যক কর্মী সরিয়ে নেওয়া হচ্ছে তা জানানো হয়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১৪৩৯ ঘ.
bdnews24