ক্যামব্রিজ, ম্যাসাচুসেটস, সেপ্টেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সুচি বলেছেন তিনি ‘আইকন’ নন। বৃহস্পতিবার হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দেওয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এই কথা বলেন।
অনুষ্ঠানে দেওয়া ভাষণে শান্তিতে নোবেলজয়ী সুচি শিক্ষার্থীদের লক্ষ করে বলেন, “আমি একজন আইকন হিসেবে অভিহিত হতে চাই না, কেননা আমার দৃষ্টিতে আইকনেরা ওইখানে বসে আছে”।
হার্ভার্ডের কেনেডি স্কুল অব গভর্নমেন্টে সুচির ভাষণের সময় মিলনায়তন উৎসাহী মানুষের ভিড়ে উপচে পড়েছিল।
সুচি বলেন, “আমি নিজেকে একজন কর্মী ভাবতেই স্বাচ্ছন্দ্য বোধ করি। কঠোর পরিশ্রমে আমি বিশ্বাস করি। এমন কী গৃহবন্দি থাকাকালীনও আমি সুশৃঙ্খল জীবনযাপনের জন্য কঠোর পরিশ্রম করেছি। দয়া করে একজন কঠোর পরিশ্রমী মানুষ হিসেবেই আমাকে দেখবেন।”
১৭ দিনের সফরে সুচি বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। সফরকালে ইতোমধ্যে তিনি প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে বৈঠক করেছেন। গণতন্ত্রের জন্য তার অবদানের স্বীকৃতি স্বরূপ যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা কংগ্রেশনাল মেডাল গ্রহণ করেছেন।
যুক্তরাষ্ট্রে বসবাসরত প্রবাসী মিয়ানমারের নাগরিকদের সঙ্গেও দেখা করেছেন সুচি।
সফরকালে তিনি বেশ কয়েকটি কলেজে ভাষণ দিয়েছেন।
সুচি বর্তমান বিশ্বের অন্যতম প্রধান রাজবন্দি হিসেবে পরিচিতি পেয়েছিলেন। গণতন্ত্রের জন্য তার সংগ্রাম, গৃহবন্দিত্ব ইত্যকার বিষয়ের জন্য তিনি মানুষের আগ্রহের কেন্দ্রে অবস্থান করছেন।
১৯৯১ সালে গৃহবন্দি থাকা অবস্থাতেই শান্তিতে নোবেল পুরস্কার অর্জন করেন সুচি।
দীর্ঘ সামরিক শাসনের পর স¤প্রতি মিয়ানমার বেসামরিক সরকার দ্বারা পরিচালিত হচ্ছে। দেশটিতে বেশ কিছু গণতান্ত্রিক সংস্কারও সাধিত হয়েছে।
সুচি মিয়ানমারের বর্তমান পার্লামেন্টে একজন আইনপ্রণেতা নির্বাচিত হয়েছে। তার দল ন্যাশনাল লিগ ফর ডেমক্রেসি পার্টি বেশকিছু আসন নিয়ে বর্তমান পার্লামেন্টের বিরোধীদল হিসেবে অবস্থান করছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১২০৭ ঘ.
bdnews24