কাঠমান্ডু, সেপ্টেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- নেপালের রাজধানী কাঠমান্ডু থেকে উড্ডয়নের পর পরই একটি যাত্রীবাহী ছোট বিমান বিধ্বস্ত হয়েছে। এতে ১৯ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে ৭ জন ব্রিটিশ ও ৫ জন চীনা নাগরিক রয়েছে।
শুক্রবার এ ঘটনা ঘটে বলে বিমান চলাচল কর্মকর্তাসূত্রে জানা গেছে।
নেপালের বেসরকারি সিতা এয়ার পরিচালিত দুই ইঞ্জিন প্রপেলার চালিত ডোরনিয়ার বিমানটি মাউন্ট এভারেস্ট অঞ্চল লুকলার উদ্দেশ্যে কাঠমান্ডু থেকে যাওয়ার কথা ছিল।
কিন্তু উড্ডয়নের পরপরই এটি কাঠমান্ডু বিমানবন্দরের কাছেই একটি মাঠে বিধ্বস্ত হয় বলে পুলিশ জানিয়েছে।
আবহাওয়া পরিষ্কার থাকার পরও বিমানটি কেন দুর্ঘটনার মুখোমুখি হলো সে বিষয়ে এখনো কোনোকিছু জানা যায়নি।
নিহতদের মধ্যে ৪ জন নেপালি যাত্রী ও ৩ জন নেপালি ক্রুও রয়েছে।
শরৎকাল নেপালের পর্যটন মৌসুম। দেশটিতে বিশ্বের সর্বোচ্চ ১৪টি পর্বতের মধ্যে ৮টির অবস্থানই নেপালে। এগুলোর মধ্যে সর্বোচ্চ পর্বত মাউন্ট এভারেস্টও রয়েছে।
গত রোববার বরফ ধসে উত্তরপশ্চিমাঞ্চলে ১১ জন পর্বতারোহী নিহত হয়েছে।
চলতি বছরের মে মাসে নেপালের উত্তরপশ্চিমাঞ্চলীয় পাহাড়ে একটি বিমান বিধ্বস্ত হলে ১৫ জনের মৃত্যু হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১০২৯ ঘ.
bdnews24