২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সুদান-দক্ষিণ সুদান তেল ও বাণিজ্য চুক্তি

সুদান ও দক্ষিণ সুদানের নেতারা তেল, বাণিজ্য ও নিরাপত্তা চুক্তি সই করেছেন। এতে করে গত এপ্রিলে যুদ্ধের দ্বারপ্রান্তে পৌঁছে যাওয়া দু’দেশের মধ্যে উত্তেজনা প্রশমিত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Sep 2012, 03:51 PM

Updated : 24 Aug 2022, 12:13 PM

আদ্দিস আবাবা, সেপ্টেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সুদান ও দক্ষিণ সুদানের নেতারা তেল, বাণিজ্য ও নিরাপত্তা চুক্তি সই করেছেন। এতে করে গত এপ্রিলে যুদ্ধের দ্বারপ্রান্তে পৌঁছে যাওয়া দু’দেশের মধ্যে উত্তেজনা প্রশমিত হয়েছে। তিন সপ্তাহেরও বেশি সময় আলোচনার পর ইথিওপিয়ার রাজধানীতে বৃহস্পতিবার চুক্তি সই করেন সুদানের প্রেসিডেন্ট ওমর হাসান আল বশির এবং দক্ষিণ সুদানের প্রেসিডেন্ট সালভা কির। দু’নেতা একটি সেনামুক্ত নিরাপদ অঞ্চল (বাফার জোন) গড়ে তুলতে রাজি হওয়ার পাশাপাশি নতুন করে তেল রপ্তানি শুরুর জন্য অন্য কয়েকটি চুক্তি চূড়ান্ত করেছেন। তেল চুক্তির আওতায় সুদানের ভূখন্ড ব্যবহার করে তেল রপ্তানির পথ সুগম হবে দক্ষিণ সুদানের। অন্যদিকে, বাফার জোন গড়তে সুদান ও দক্ষিণ সুদানের প্রতিরক্ষামন্ত্রীদের সই করা চুক্তির আওতায় সুরক্ষিত রাখা হবে দু’দেশের যৌথ সীমান্ত। কিন্তু দু’দেশের মধ্যে এ চুক্তি হলেও গত বছর দক্ষিণ সুদান আলাদা হয়ে যাওয়ার পর অমীমাংসিত থেকে যাওয়া কয়েকটি বিরোধ নিষ্পত্তি করতে পারেননি নেতারা। তবে সুদানের প্রেসিডেন্ট বৈরি দুই দেশের নতুন এ চুক্তিকে ‘শান্তি প্রতিষ্ঠার জন্য ঐতিহাসিক মুহূর্ত’ বলে অভিহিত করেছেন। ২০১১ সালে সুদান ভেঙে দক্ষিণ সুদান স্বাধীনতা লাভের পর তেল নিয়ে বিরোধে জড়িয়ে পড়ে দু’দেশ। স্বাধীনতা লাভের ফলে সুদানের দুই-তৃতীয়াংশ তেলখনি পেয়ে যায় দক্ষিণ সুদান। আর তেল প্রক্রিয়াজাতকরণ ও বাণিজ্যের সুবিধা থেকে যায় সুদানের হাতে। এখন চুক্তির ফলে স্থলবেষ্টিত দক্ষিণ সুদান আবার সুদানের মধ্য দিয়ে তেল রপ্তানি শুরু করতে পারবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২১৩১ঘ.