নিউ ইয়র্ক, সেপ্টেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- কলম্বিয়ার সরকার মার্কসপন্থী বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে একটি শান্তিচুক্তিতে পৌঁছুতে পারবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন দেশটির প্রেসিডেন্ট জুয়ান ম্যানুয়েল স্যান্তোস।
জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করা স্যান্তোস বলেন, তিনি আগামী বছর এই শহরে এসে ঘোষণা দিতে চান, তার সংঘাত বিক্ষুব্ধ দেশ একটি শান্তি চুক্তিতে পৌঁছেছে।
আগামী মাসে নরওয়েতে কলম্বিয়ার রেভ্যুলিশনারি আর্মড ফোর্সেস অব কলাম্বিয়া (ফার্ক) বিদ্রোহীদের সঙ্গে শান্তি সমঝোতাকারীদের আলোচনায় বসার কথা রয়েছে।
যুক্তরাষ্ট্রে একটি সামাজিক অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে স্যান্তোস বলেন, তিনি আশাবাদী ২০১৩ সালে নিউ ইয়র্কে এসে তিনি বলতে পারবেন, “কলম্বিয়ায় শান্তি প্রতিষ্ঠিত হয়েছে।”
যদিও ঠিক কতদিনে এই শান্তি বাস্তবায়ন করবেন সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো ঘোষণা তিনি দেননি। তবে স্পষ্টভাবেই জানিয়েছেন, এরজন্য তিনি কয়েক মাস সময় দিতে চান, বছর নয়।
স্যান্তোস বলেন, “যদি আমরা সফল হই, কল্পনা করুন, কলম্বিয়াকে কেমন দেখাবে”।
১৯৬৪ সালে গঠিত ফার্কের সদস্য সংখ্যা সা¤প্রতিক বছরগুলোতে ৮ হাজারে নেমে এসেছে। মূলত কোকেন চোরাচালানের মাধ্যমে সংগঠনটি অর্থসংগ্রহ করে থাকে। পাশাপাশি শিশুদেরও তারা দলে নিয়ে অস্ত্র প্রশিক্ষণ দিয়ে থাকে।
যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন ফার্ককে সন্ত্রাসী সংগঠন বলে বিবেচনা করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১৩৩৫ ঘ.
bdnews24