২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘ব্যঙ্গচিত্রের সঙ্গে লড়াইয়ে ব্যঙ্গচিত্র’

‘ব্যাঙ্গচিত্রের সঙ্গে লড়াইয়ে ব্যাঙ্গচিত্র’ স্লোগানে নতুন ধরনের প্রচার শুরু করেছে মিশরের আল ওয়াতান পত্রিকা। ফ্রান্সের ম্যাগাজিনে হজরত মুহাম্মদ (সা.)- কে অবমাননা করে ছাপা ব্যাঙ্গচিত্রের জবাবেই তাদের এ প্রয়াস।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Sep 2012, 04:35 PM

Updated : 24 Aug 2022, 12:12 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফ্রান্সের ম্যাগাজিনে হজরত মুহাম্মদ (সা.)- কে অবমাননা করে ছাপা ব্যাঙ্গচিত্রের বিরুদ্ধে এবার নতুন ধরনের প্রচার শুরু করেছে মিশরের পত্রিকা। বিবিসি’র খবরে বলা হয়েছে, মহানবী (সা.) কে নিয়ে ফ্রান্সের চার্লি হেবডোতে প্রকাশিত ব্যাঙ্গচিত্রের প্রতিবাদে পশ্চিমাদের কটাক্ষ করে ব্যাঙ্গচিত্র ছেপেছে মিশরের আল-ওয়াতান পত্রিকা। ধর্মনিরপেক্ষ এ দৈনিকটি ‘ব্যাঙ্গচিত্রের সঙ্গে লড়াইয়ে ব্যাঙ্গচিত্র’ স্লোগানে গত সোমবার এ ধরনের ১৩ টি কার্টুন ছাপে। এর একটিতে দেখা গেছে, একটি চশমার ব্যাঙ্গচিত্র; তাতে লেখা, ‘মুসলিম বিশ্বের জন্য পশ্চিমা চশমা’। পশ্চিমারা মুসলিম বিশ্বকে কিভাবে দেখে তা ফুটিয়ে তুলতে চশমার ভেতরে দেখানো হয়েছে পুড়তে থাকা ‘ওয়ার্ল্ড ট্রেড সেন্টার’। তাছাড়া, পশ্চিমারা দাড়িওয়ালা মুসলমান দেখলেই সন্ত্রাসী মনে করে এমন চিত্র ফুটিয়ে তোলা হয়েছে অন্য কার্টুনগুলোতে। যুক্তরাষ্ট্রে মহানবী (সা.) কে নিয়ে নির্মিত বিতর্কিত চলচ্চিত্রের খবর ছড়িয়ে পড়ার পর মধ্যপ্রাচ্যের দেশগুলোতে বিক্ষোভ ছড়িয়ে পড়ার মধ্যে আরো বিক্ষোভ উস্কে দিয়েছিল ফ্রান্সের ম্যাগাজিনটিতে মহানবীকে নিয়ে আপত্তিকর ব্যাঙ্গচিত্র ছাপার ঘটনা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২১৫৫ঘ.