মেক্সিকো সিটি, সেপ্টেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মেক্সিকোর দক্ষিণাঞ্চলীয় বাজা উপদ্বীপে মঙ্গলবার ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্প আঘাত হানে।
এতে তেমন কোনো ক্ষয়ক্ষতি না হলেও অধিবাসীদের মধ্যে প্রবল আতঙ্ক ছড়িয়ে পড়ে বলে জানা গেছে।
মেক্সিকোর লা পাজ থেকে ৪৬ মাইল উত্তরে ক্যালিফোর্নিয়া উপসাগরে ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল বলে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে।
বাজা ক্যালিফোর্নিয়া সুর প্রদেশের জননিরাপত্তা বিষয়ক কর্মকতা ইভান কাল্ডেরন জানিয়েছেন, “এটি যথেষ্ঠ শক্তিশালী বলেই মনে হয়েছে।”
তবে এতে কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি বলে তিনি নিশ্চিত করেছে।
তিনি বলেন, “আমি যতদূর জানি, ভূমিকম্পের ফলে লোকজন কিছুটা আতঙ্কিত হয়ে পড়েছিল। এরচেয়ে গুরুতর কিছু ঘটেনি।”
তিনি আরো জানান, ভূমিকম্পের কারণে বুধবার স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে। এ সময় কর্মকর্তারা বিভিন্ন স্থাপনায় গিয়ে পরীক্ষা করবে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে।
স্কুলের পাশাপাশি বেশ কয়েকটি সরকারি ভবনও পরীক্ষার জন্য বুধবার বন্ধ থাকবে বলে জানা গেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/০৯০০ ঘ.
bdnews24