জাতিসংঘ, সেপ্টেম্বর ২৫(বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে কড়া হুঁশিয়ারি দিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, ইরানের পরমাণু অস্ত্র তৈরি বন্ধে ‘যা করণীয়’ যুক্তরাষ্ট্র তা-ই করবে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ছয় সপ্তাহ আগে ওবামা এ কড়া কথা শোনালেন।
ইরানকে পরমাণু অস্ত্রসক্ষম হতে দেয়া যাবে না- এ কথা জানিয়ে মঙ্গলবারের ভাষণে ওবামা বলেন, “পরমাণু অস্ত্র সক্ষম ইরান এমন এক চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে যার লাগাম টেনে ধরে রাখা যাবে না।”
“ইসরায়েলসহ উপসাগরীয় দেশগুলো এমনকি বিশ্ব অর্থনীতির জন্যও ইরান হুমকি হয়ে দাঁড়াবে। আর সে কারণেই ইরানকে পরমাণু অস্ত্রসক্ষম হওয়া থেকে বিরত রাখতে যা কিছু করতে হয় তা-ই করবে যুক্তরাষ্ট্র,” বলেন তিনি।
দেশটির ওপর চাপ বাড়াতে ওবামা আরো বলেন, “ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে সঙ্কট কূটনৈতিক প্রচেষ্টায় সমাধানের সময় এখনো আছে। কিন্তু তা সীমাহীন নয়”।
এ কথার মধ্য দিয়ে ওবামা ইরানকে সতর্ক করা ছাড়াও দেশটির বিরুদ্ধে যথাসম্ভব সব ব্যবস্থা নেয়ার ব্যাপারে ইসরায়েলকে আশ্বস্ত করার চেষ্টা নেন।
তবে জাতিসংঘ মহাসচিব বান কি-মুন এক রাষ্ট্রের বিরুদ্ধে আরেক রাষ্ট্রের হামলার কোনোরকম হুমকির ব্যাপারে সতর্ক করেছেন, যা ভয়ঙ্কর পরিণতি ডেকে আনতে পারে। এক্ষেত্রে কোনো রাষ্ট্রের নাম উল্লেখ করেন নি তিনি।
জাতিসংঘ সাধারণ পরিষদের এ অধিবেশনে প্রাধান্য পাচ্ছে মধ্যপ্রাচ্যজুড়ে অস্থিরতার বিষয়টি।
ভাষণে বিশ্বব্যাপী সহিংসতা এবং চরমপন্থার নিন্দা জানিয়েছেন ওবামা। বিশ্ব নেতাদের একযোগে এর বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, “সহিংসতা এবং চরমপন্থার বিরুদ্ধে সোচ্চার হওয়া বিশ্বের সব নেতারই দায়িত্ব।”
‘ইসলাম অবমাননা’র ভিডিওচিত্র নিয়ে মার্কিন দূতদের ওপর হামলার নিন্দা করে ওবামা ভবিষ্যতে মুসলিম দেশগুলোর মার্কিন কূটনৈতিক কেন্দ্রে এ ধরনের আরো হামলার বিরুদ্ধে বিশ্বনেতাদের এক হওয়ার আহ্বান জানান।
সিরিয়া পরিস্থিতি অধিবেশনের মূল আলোচ্য না হলেও উদ্বোধনী দিনে নেতাদের বক্তব্যে বিষয়টি উঠে এসেছে।
বান কি-মুন উদ্বোধনী বক্তব্যে সিরিয়া সঙ্কটকে ‘আঞ্চলিক বিপর্যয়’ বলে অভিহিত করেছেন। ওদিকে, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদকে বিদায় নিতে হবে বলে ভাষণে দাবি করেছেন ওবামা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২১২৩ঘ.
bdnews24