২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিশরে ‘ধর্মাবমাননা’র অভিযোগে এক খ্রিস্টান গ্রেপ্তার

বিশ্বজুড়ে মুসলমানদের মধ্যে ব্যাপক ক্ষোভ সৃষ্টিকারী ইসলাম ধর্মকে অবমাননাকারী ভিডিও ইন্টারনেটে পোস্ট করা নিয়ে সন্দেহে মিশরে এক খ্রিস্টান ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। ধর্মাবমাননার অভিযোগে আগামী বুধবার থেকে তার বিচার শুরু হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Sep 2012, 09:18 AM

Updated : 24 Aug 2022, 12:12 PM

কায়রো, সেপ্টেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- বিশ্বজুড়ে মুসলমানদের মধ্যে ব্যাপক ক্ষোভ সৃষ্টিকারী ইসলাম ধর্মকে অবমাননাকারী ভিডিও ইন্টারনেটে পোস্ট করা নিয়ে সন্দেহে মিশরে এক খ্রিস্টান ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। ধর্মাবমাননার অভিযোগে আগামী বুধবার থেকে তার বিচার শুরু হবে। সোমবার এ খবর জানিয়েছে মিশরের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এমইএনএ। আলবার সাবের নামের ২৭ বছর বয়সী ওই ব্যক্তি একজন কম্পিউটার সায়েন্স গ্রাজুয়েট। প্রতিবেশীদের অভিযোগের ভিত্তিতে ১৩ সেপ্টেম্বর তাকে গ্রেপ্তার করা হয়। বিশ্বজুড়ে বিতর্ক ও মুসলিম বিশ্বে ব্যাপক উত্তেজনা তৈরি করা ছবি ‘ইনোসেন্স অব মুসলিমস’ এর অংশবিশেষ ইন্টানেটে আপলোড ও অন্যান্য ধর্মকে ব্যঙ্গ করে ছবি নির্মাণ করার জন্য তাকে অভিযুক্ত করে প্রতিবেশীরা। সাবেরের গ্রেপ্তারে ইসলামপন্থী প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির শাসনে মিশরে মতপ্রকাশের স্বাধীনতা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। ইসলাম পন্থীদের রাজনৈতিক উত্থানে অনেক মিশরীয় খ্রিস্টানই উদ্বিগ্ন হয়ে পড়েছে। ইসলাম ও হযরত মোহাম্মদকে (সা.) হেয় করে স্থূলভাবে নির্মিত ছবি ‘ইনোসেন্স অব মুসলিমস’ বিশ্বজুড়ে মুসলমানদের মধ্যে ক্ষোভ সৃষ্টি করেছে। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে যুক্তরাষ্ট্রের দূতবাস ক্রোধন্মত্ত মুসলমানদের আক্রমণের শিকার হয়। লিবিয়ায় নিহত হয় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত। সাবেরের বিরুদ্ধে ফেইসবুকে নাস্তিকতার ডাক দেওয়া, ইসলাম ও খ্রিস্ট ধর্মকে হেয় করা ও ধর্ম বিশ্বাসের বিষয়ে প্রশ্ন তোলার অভিযোগ আনা হয়েছে। সাবেরের মা করিমন ঘালি দাবি করেছেন, তার ছেলে আইন ভাঙার মতো কোনো কিছু করেনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১৫১১ ঘ.