ঢাকা, সেপ্টেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লিবিয়ার বেনগাজির আধাসামরিক বাহিনীর দুই প্রধানকে বরখাস্ত করা হয়েছে।
দেশটির সশস্ত্র গোষ্ঠীগুলোর ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা ও তাদের অস্ত্রমুক্ত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে বিবিসি জানায়।
দ্য ১৭ ফেব্র“য়ারি ব্রিগেডের ফাওজি বুকাতিফ ও রাফাল্লাহ আল-শাহাতি’র ইসমাইল আল সালাবিকে অপসারণ করা হয়েছে।
রোববার দেশটির অন্তর্র্বতীকালীন নেতা মোহাম্মদ মাগারিফ রাষ্ট্রীয় স্থাপনা থেকে চলে যাওয়া বা খালি করে দেওয়ার জন্য আধাসামরিক বাহিনীগুলোকে ৪৮ ঘণ্টার সময় বেঁধে দেন।
গত সপ্তায় বেনগাজিতে আধাসামরিক বাহিনীগুলোর বিরুদ্ধে সাধারণ মানুষ বিক্ষোভ করে।
বেনগাজির মার্কিন দূতাবাসে হামলা চালানোর জের ধরেই আধাসামরিক বাহিনীগুলোর বিরুদ্ধে বিক্ষোভ করে সাধারণ মানুষ।
দূতাবাসে ওই হামলায় মার্কিন রাষ্ট্রদূত ক্রিস্টোফার স্টিভেন্সসহ চার মার্কিনি নিহত হয়। যুক্তরাষ্ট্রে ইসলামবিরোধী একটি চলচ্চিত্র নির্মাণের প্রতিবাদে বিক্ষুব্ধ জনতা দূতাবাসে হামলা চালায়।
এ হামলার জন্য ইসলামি জঙ্গিদের দায়ী করা হলেও তারা তা অস্বীকার করে। কিন্তু সম্মানিত রাষ্ট্রদূতের হত্যাকাণ্ডে বেনগাজির সাধারণ মানুষের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়।
জানা গেছে, দু’টি ইসলামি জঙ্গিগোষ্ঠী বেনগাজির পূর্বাঞ্চলীয় বন্দরনগরী দেরনায় শক্ত অবস্থান নিয়ে রয়েছে। রোববার তাদের নিরস্ত্র করা হয়।
বিশ্লেষকরা মনে করছে, লিবিয়ার নয়া নেতৃত্ব জনগণের স্বতস্ফূর্ত আবেগকে পুঁজি করে সশস্ত্র গোষ্ঠীগুলোরে ওপর নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চাইছে।
এই আধাসামরিক বাহিনীর সদস্যরাই গাদ্দাফিকে ক্ষমতা থেকে সরাতে অস্ত্র হাতে তুলে নিয়েছিল। কিন্তু এখন তাদের নিয়ন্ত্রণ করতে হিমশিম খেতে হচ্ছে সরকারকে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১৪২১ ঘ.
bdnews24