নিউ ইয়র্ক, সেপ্টেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মধ্যপ্রাচ্য থেকে ইসরায়েলকে উচ্ছেদ করা উচিৎ বলে মন্তব্য করেছেন ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ। জাতিসংঘের ৬৭তম সাধারণ অধিবেশনের প্রাক্কালে সোমবার নিউ ইয়র্কে তিনি এসব কথা বলেন।
সাধারণ অধিবেশনের আগে উস্কানিমূলক কথাবার্তা না বলার জন্য জাতিসংঘের সতর্কতার তোয়াক্কা না করে ইরানি প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ বলেছেন, মধ্যপ্রাচ্যে ইসরায়েলের কোনো শিকড় নেই। বুধবার জাতিসংঘের সাধারণ অধিবেশেনে আহমাদিনেজাদের ভাষণ দেওয়ার কথা রয়েছে।
ইরানের পরমাণু প্রকল্পে ইসরায়েলি সামরিক হামলার হুমকিকে তিনি তেমন গুরুত্ব দিচ্ছেন না বলেও এ সময় জানিয়েছেন। এ সময় তিনি সিরিয়ায় ইরানের অস্ত্র পাঠানোর অভিযোগ খারিজ করেন এবং লেখক সালমান রুশদির মৃত্যুদণ্ডের ফতোয়ার কথাও পুুনরায় উল্লেখ করেন।
তিনি বলেন, “ইহুদিবাদীদের হুমকিকে আমরা খুব গুরুত্ব দিয়ে দেখছিনা। নিজেদের রক্ষা করার জন্য আমরা প্রস্তুত হয়ে আছি।”
“ইরানের ইতিহাস ১০ হাজার বছরের। আর পশ্চিমাদের সমর্থন ও শক্তিতে গত ৬০ থেকে ৭০ বছর ধরে ইসরায়েল মধ্যপ্রাচ্যে দখলিসত্ত্ব কায়েম করে আছে। মধ্যপ্রাচ্যের ইতিহাসে ইসরায়েলের কোনো অস্তিত্ব নেই,” বলে ১৯৪৮ সালে ইসরায়েল রাষ্ট্রের প্রতিষ্ঠার দিকে ইঙ্গিত করেন আহমাদিনেজাদ।
“আমরা বিশ্বাস করি তাদের ইতিহাস এক সময় রুদ্ধ হয়ে যাবে। ইতিহাসের এই অনিবার্য রুদ্ধতা রোধ করার জন্যই তারা নতুন অভিযান শুরুর পায়তারা করছে। বিদেশি বোমায় ইরানের কিছু হবে না,” বলেন তিনি।
নিউ ইয়র্কের হোটেলে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে দোভাষীর সহায়তায় তিনি এসব কথা জানান।
“ইরানের কোনো বিবেচনার অংশ হিসেবে ইসরায়েলকে আমরা গণ্য করি না। ইতিহাসের বৃহত্তর পরিসরে, তারা অল্প কিছু সময় ধরে বিশৃঙ্খলা সৃষ্টি করবে তারপর হারিয়ে যাবে।”
গত রোববার জাতিসংঘের মহাসচিব বান কি মুন আহমাদিনেজাদের সঙ্গে সাক্ষাৎ করে তাকে উস্কানিমূলক কথাবার্তার বিপদ সম্পর্কে সতর্ক করে দিয়েছিলেন। কিন্তু মহাসচিবের পরামর্শের কোনো তোয়াক্কা তিনি করেননি বলে ধারণা বিশ্লেষকদের।
জাতিসংঘের সাধারণ পরিষদের আগের অধিবেশনে আহমাদিনেজাদ দ্বিতীয় বিশ্বযুদ্ধে ইহুদি নিধন নিয়ে প্রশ্ন তুলে প্রকৃতপক্ষে এ ধরনের কিছু ঘটেনি বলে তা বাতিল করে দিয়েছিলেন। তিনি টুইন টাওয়ারে সন্ত্রাসী হামলা নিয়েও প্রশ্ন তুলেছিলেন।
সাধারণ অধিবেশনের আহমাদিনেজাদের ভাষণের সময় সাধারণত পশ্চিমা কূটনৈতিকরা তার বক্তব্যের প্রতিবাদে অধিবেশন ছেড়ে বের হয়ে যান। বুধবারও এমনিই কিছু ঘটবে বলে ধারণা পর্যবেক্ষকদের।
ইরানের পরমাণু স্থাপনায় ইসরায়েল হামলা চালাতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। শুধু অর্থনৈতিক অবরোধ ও কূটনৈতিক চাপ সৃষ্টি করে ইরানের পরমাণু প্রকল্প বন্ধ করার চেষ্টার মাধ্যমে ইরানের হাতে পর্যাপ্ত সময় তুলে দেয়া হচ্ছে বলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার সমালোচনাও করেছেন নেতানিয়াহু।
পরমাণু প্রকল্পের আড়ালে ইরান পরমাণু বোমা তৈরির চেষ্টা করছে বলে সন্দেহ ইসরায়েল ও পশ্চিমা দেশগুলোর। কিন্তু পশ্চিমাদের সন্দেহ প্রত্যাখ্যান করে ইরান দাবি করছে তাদের পরমাণু প্রকল্প শান্তিপূর্ণ বেসামরিক উদ্দেশ্যে নিয়োজিত।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১১২৫ ঘ.
bdnews24