ঢাকা, সেপ্টেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সোমালিয়ার বন্দরনগরী কিসমায়োতে আল-শাবাব জঙ্গি গোষ্ঠীর বিরুদ্ধে অভিযানে নিয়োজিত এক কেনীয় সেনা ৬ বেসামরিক নাগরিককে গুলি করে হত্যা করেছে।
কেনিয়ার সেনাবাহিনী খবরটি নিশ্চিত করেছে। ওই সেনাকে আটক করে ঘটনার তদন্ত চলছে।
কেনিয়ার সামরিক বাহিনীর মুখপাত্র কর্নেল সাইরাস ওগুনা জানান, কেনীয় সেনাদের ওপর আল শাবাব জঙ্গি হামলার পর এ ঘটনা ঘটে।
তিনি বলেন, কেনীয় সেনারা একটি গ্রামে লোকজনকে পানি সংগ্রহের জন্য সহায়তায় নিয়োজিত থাকার সময় তাদের ওপর জঙ্গি হামলায় ১ সেনাসহ ৫ জন নিহত হয়।
এর পরপরপই কয়েকজন মানুষ ‘কেনিয়া প্রতিরক্ষা বাহিনী’ (কেডিএফ)’র প্রতিরক্ষামূলক অবস্থানের দিকে এগিয়ে গেলে এক কেডিএফ সেনা তাদের ওপর গুলি চালায়। এতে নিহত হয় ৬ বেসামরিক সোমালি নাগরিক। আহত হয় দুইজন।
এক বিবৃতিতে ওগুনা একথা বলেন বলে জানিয়েছে বিবিসি।
ওদিকে, সোমালিয়ার সামরিক বাহিনীর মুখপাত্র আদেন মোহাম্মদ হিরসি বলেন, ইচ্ছকৃতভাবেই এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে।। তিনি এ ঘটনার নিন্দা জানিয়ে কেনিয়া সরকারের কাছে এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
এক বছর আগে কোনিয়া-সোমালিয়া সীমান্তে আল-কায়েদা সংশি¬ষ্ট সোমালিয়ার আল-শাবাব জঙ্গি গোষ্ঠীর হামলার অভিযোগে সেদেশে তাদের বিরুদ্ধে অভিযানে সেনা পাঠায় কেনিয়া।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২২২০ঘ.
bdnews24