ঢাকা, সেপ্টেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-সিরিয়া পরিস্থিতি অত্যন্ত খারাপ; তা দিন দিন অবনতির দিকে যাচ্ছে। জাতিসংঘ-আরব লিগ দূত লাখদার ব্রাহিমি একথা বলেছেন।
এ মাসের শুরুতে সিরিয়ার শান্তিদূত হিসাবে দায়িত্ব নিয়ে ব্রাহিমি দেশটির প্রেসিডেন্ট বাশার আল আসাদের সঙ্গে তার আলোচনার ফলাফল সম্পর্কে সোমবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদে বক্তব্য রাখার পর একথা বলেন।
ব্রাহিমি বলেন, তিনি শিগগিরই কাজে ফিরবেন। কিন্তু সিরিয়ায় কিভাবে শান্তি ফেরানো যাবে তার কোনো পরিপূর্ণ পরিকল্পনা তার নেই।
সিরিয়ায় চলমান সহিংসতার প্রেক্ষাপটে ব্রাহিমি এ হতাশাজনক মন্তব্য করলেন।
সিরিয়ার সরকারবিরোধী আন্দোলনকর্মীরা জানিয়েছে, সরকারি বাহিনী আলেপ্পোয় জঙ্গি বিমান থেকে বোমা হামলা চালাচ্ছে।
এ পরিস্থিতি সম্পর্কে ব্রাহিমি বলেন, “সিরিয়ায় সংঘর্ষ অরো খারাপের দিকে যাচ্ছে। সিরিয়া পরিস্থিতি অত্যন্ত খারাপ এবং দিনি দিনই এর অবনতি হচ্ছে।”
সিরিয়াজুড়ে লড়াই সহিংসতা ছায়াচ্ছন্ন করে তুলেছে জাতিসংঘ সাধারণ পরিষদের আসন্ন অধিবেশনকে।
১২০ টিরও বেশি দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানদের নিয়ে নিউ ইয়র্কে মঙ্গলবার শুরু হওয়ার কথা রয়েছে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন।
সিরিয়ায় মানবিক সঙ্কট তুলে ধরে এ পরিস্থিতি মোকাবেলায় বিশ্ব স¤প্রদায়ের আরো উদ্যোগী ভূমিকা নেয়ার সুযোগ হিসাবে দেখা হচ্ছে এ অধিবেশনকে।
কিন্তু সিরিয়ায় চলমান সহিংসতা এ অধিবেশনে কালো ছায়া ফেলবে বলেই মনে করা হচ্ছে।
আলেপ্পোর সরকারবিরোধী আন্দোলনকর্মীরা জানিয়েছে, সরকারি বাহিনী বিদ্রোহীনিয়ন্ত্রিত এলাকাগুলোতে বিমান থেকে বোমা হামলা চালাচ্ছে। মাদি এলাকায় বোমা হামলায় ৮ জন নিহত হয়েছে। এর মধ্যে রয়েছে একই পরিবারের ৩ শিশু।
তাছাড়া, রোববার রতভর কয়েকটি এলাকায় সেনাদের সঙ্গে বিদ্রোহীদের সংঘর্ষ হয়েছে।
সিরিয়ার সরকাবিরোধীদের স্থানীয় সমন্বয় কমিটির ভাষ্যমতে, সোমবার লড়াইয়ে নিহত হয়েছে অন্তত ২৪ জন। এর মধ্যে ১৫ জনই নিহত হয়েছে আলেপ্পোয়। মাদি এলাকায় জঙ্গি বিমান হামলায় ধ্বংস হয়েছে দু’টো ভবন।
এ হামলায় নিহত ৮ জনের মৃতদেহ উদ্ধার করা গেলেও আরো অনেকেই ধ্বংসস্তুপের নিচে চাপা পড়ে আছে বলে ধারণা করা হচ্ছে।
এ এলাকাটি ছাড়াও জামিলিয়া, বুস্তান আল-কসর, ফুরকান ও জাবদিয়া এলাকায়ও লড়াই তীব্র আকার ধারণ করেছে বলে জানিয়েছে ‘সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস’। মারজাহ এবং তারিখ আল বাব এর বিদ্রোহীঘাঁটিগুলোও সেনাবাহিনীর হামলা থেকে বাদ পড়েনি।
দামেস্কের উত্তর-পূর্ব এবং উত্তর-পশ্চিম এলাকায়ও সেনা-বিদ্রোহী সংঘর্ষের খবর পাওয়া গেছে।
জাতিসংঘের হিসাব অনুযায়ী, লড়াই থেকে বাঁচতে সিরিয়া ছেড়ে পালিয়েছে ২ লাখ ৬০ হাজারের বেশি মানুষ। গৃহহীন হয়েছে ১০ লাখেরও বেশি মানুষ। উপরন্তু ২০ লাখেরও বেশি মানুষের মানবিক সাহায্য প্রয়োজন।
সিরিয়া সঙ্কট কিভাবে সামাল দেয়া হবে তা নিয়ে সমঝোতায় পৌঁছতে এ পর্যন্ত ব্যর্থ হয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। সিরিয়ার বিরুদ্ধে কঠোর ব্যবস্থার উদ্যোগে বরাবরই ভেটো দিয়েছে চীন ও রাশিয়া।
ফলে সিরিয়ায় রক্তক্ষয়ী লড়াই নিয়ে আন্তর্জাতিক স¤প্রদায়ের মধ্যে বিভক্তিতে এবারের জাতিসংঘ অধিবেশন পন্ড হওয়ার আশঙ্কা উড়িয়ে দেয়া যাচ্ছে না।
আর তাই এ অধিবেশনেও রাতারাতি সিরিয়া সঙ্কটের কোনো সমাধান খুঁজে পাওয়ার আশা ক্ষীণ বলেই মনে করছেন বিশ্লেষকরা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএফ/এলকিউ/০০৩৭ঘ.
bdnews24