ঢাকা, সেপ্টেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতের ঝাড়খণ্ড রাজ্যে একটি আশ্রমে পদদলিত হয়ে নয় জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ১৫ জন।
সোমবার ভোরে ঝাড়খণ্ডের দেওগড়ে ষষ্টাঙ্গ আশ্রমে এ হতাহতের ঘটনা ঘটে বলে এনডিটিভির এক খবরে বলা হয়।
ধর্মগুরু অনুকূল চন্দ্রের ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষে ওই আশ্রমে সমবেত হন কয়েক হাজার ভক্ত।
স্থানীয় এক পুলিশ কর্মকর্তা জানান, ভোর ৫টার দিকে সকালের প্রার্থনার জন্য আশ্রমের একটি মিলনায়তনে কয়েকশ’ মানুষ জড়ো হয়। গাদাগাদি করে থাকা এসব মানুষের হুড়োহুড়ির মধ্যে পদদলিত হয়ে নয় জনের মৃত্যু হয়।
নিহতদের মধ্যে আট জনই নারী বলে জানান তিনি।
আহতদের স্থানীয় একটি হাসপাতালে নেয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে একজন ছাড়া বাকিদের ছেড়ে দেয়া হয়েছে বলে এনডিটিভি জানায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএস/এএইচ/১৩১৭ ঘ.
bdnews24