ঢাকা, সেপ্টেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সশস্ত্র ডাকাতির কবলে পড়ে নিহত হয়েছেন দক্ষিণ আফ্রিকার সাবেক বিশ্ব হেভিওয়েট চ্যাম্পিয়ন মুষ্টিযোদ্ধা কোরি স্যান্ডার্স।
দক্ষিণ আফ্রিকার প্রেটোরিয়ার নিকটবর্তী একটি রেস্টুরেন্টে তিনি ডাকাতদের গুলিতে আহত হন। এরপর তাকে হাসপাতালে নেওয়া হলে সেখানেই ৪৬ বছর বয়সী স্যান্ডার্সের মৃত্যু হয় বলে বিবিসি জানিয়েছে।
২০০৩ সালে ভাদিমির ক্লিটসকোকে হারিয়ে মুষ্টিযুদ্ধের হেভিওয়েট ক্যাটাগরিতে বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে সবাইকে তাক লাগিয়ে দেন। পেশাদার লড়াইয়ের ৪৬টি তে ৪২টিতেই তিনি জয়ী হন।
২০০৮ সালে পেশাদার মুষ্টিযুদ্ধ থেকে অবসর নেন তিনি।
পুলিশের একজন মুখপাত্র জানিয়েছেন, এক নিকটাত্মীয়ের ২১তম জন্মদিন উদযাপন করতে আত্মীয়স্বজন সহ স্যান্ডার্স একটি রেস্টুরেন্টে পার্টিতে মিলিত হন। এই সময় সশস্ত্র ডাকাতের দল রেস্টুরেন্টটিতে প্রবেশ করে।
রেস্টুরেন্টে ঢুকেই ডাকাতদল এলোপাতাড়ি গুলি চালানো শুরু করে। এতে স্যান্ডার্স মাথায় ও পাকস্থলীতে গুলিবিদ্ধ হন। দ্রুত হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।
ডাকাতদলটি একটি ডিজিটাল ক্যামেরা ও রেস্টুরেন্টে থাকা একব্যক্তির হাতব্যাগ নিয়ে দ্রুত পালিয়ে যায়।
এ ঘটনায় শেষ খবর পাওয়া পর্যন্ত পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১৩৫৩ ঘ.
bdnews24