২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আর্থিক সংস্কারের পক্ষে প্রচারে মনমোহন

তৃণমূলের সমর্থন হারিয়ে এবার অর্থনৈতিক সংস্কারের পক্ষে জোর প্রচারে নেমেছেন ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Sep 2012, 07:58 AM

Updated : 24 Aug 2022, 12:11 PM

নয়াদিল্লি, সেপ্টেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- তৃণমূলের সমর্থন হারিয়ে এবার অর্থনৈতিক সংস্কারের পক্ষে জোর প্রচারে নেমেছেন ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং। জাতির উদ্দেশে বক্তৃতায় তিনি জোরাল যুক্তি দিয়ে বুঝিয়ে দিয়েছেন দেশের অর্থনৈতিক মন্দার সঙ্গে লড়তে হলে এ সংস্কার জরুরি। শনিবার টেলিভিশনে এ ভাষণে মনমোহন অর্থনীতির যুক্তি দিয়ে বোঝান কেন সংস্কার প্রয়োজন। ভারতের খুচরা ব্যবসায় বিদেশি পুঁজি বিনিয়োগের সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে যে তৃণমূল কংগ্রেস পার্টি সরকার থেকে সরে গেছে সেই সিদ্ধান্তের পক্ষে যুক্তি দেখান মনমোহন। তিনি বলেন, ব্যবসায় বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে এ উদ্যোগ নেয়া প্রয়োজন। “আমাদেরকে বিদেশি বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে হবে...... অর্থকড়ি গাছে ধরে না। আর সে কারণেই আমরা এ সিদ্ধান্ত নিয়েছি,” বলেন তিনি। তৃণমূলের আপত্তির আরেক ইস্যু জ্বালানি তেলের মূল্য বাড়ানোর সরকারি পদক্ষেপেরও সাফাই গেয়েছেন মনমোহন। তিনি বলেন, “সময় সময় আমাদেরকে সহজ কোনোকিছুকে ‘না’ করতে হয়; আবার অনেক কঠিন কোনোকিছুকে ‘হ্যাঁ’ বলতে হয়।” মনমোহনের এ ভাষণের আগে তার সংস্কার পদক্ষেপের প্রতিবাদে সরকার ছেড়ে চলে যায় সবচেয়ে বড় শরিক দল মমতা বন্দোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস। কিন্তু সরকারকে টিকিয়ে রাখতে তৃণমূল কংগ্রেসের প্রয়োজন নেই এবং সরকার তার অর্থনৈতিক সংস্কার পদক্ষেপ নিয়ে এগিয়ে যাবে। কারণ তা দেশের জন্য মঙ্গলজনক। প্রধানমন্ত্রী তার ভাষণে দেশের জনগণকে এ বার্তাই দিতে চেয়েছেন বলে মন্তব্য করেছেন নয়াদিল্লির গবেষণা ও পরামর্শদাতা প্রতিষ্ঠান আরপিজি ফাউন্ডেশনের প্রধান ডিএইচ পাই পানাধিকার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএফ/এলকিউ/১৩৪৫ঘ.