ত্রিপোলি, সেপ্টেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- লিবিয়ার বেনগাজিতে যুক্তরাষ্ট্রের দূতাবাসে হামলার ঘটনায় জড়িত থাকার দায়ে আরো ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। দেশটির কর্তৃপক্ষ এ খবর জানায়।
যুক্তরাষ্ট্রে ইসলামবিরোধী চলচ্চিত্র নির্মাণের প্রতিবাদে বেনগাজিতে মার্কিন দূতাবাসে গত ১১ সেপ্টেম্বর হামলা চালায় বিক্ষুব্ধ জনতা। এতে দূতাবাসে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতসহ আরো তিনজন নিহত হন।
লিবীয় প্রধানমন্ত্রী মুস্তাফা আবু শাহগুরের কার্যালয় থেকে জানানো হয়, “গ্রেপ্তার হওয়াদের সংখ্যা এখন আট।”
এ ব্যাপারে বিস্তারিত আর কিছু তারা জানায়নি।
লিবীয় কর্তৃপক্ষ গত সপ্তায় জানিয়েছিল, ওই হামলার দুইদিন পর হামলার সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।
এরপর লিবীয় কর্তৃপক্ষ জানায়, ওই হামলায় জড়িত ৫০ জন ব্যক্তিকে তারা সনাক্ত করতে সক্ষম হয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১৩৪৭ ঘ.
bdnews24