বাগদাদ, সেপ্টেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- অস্ত্র বহন করতে পারে সন্দেহে সিরিয়াগামী একটি উত্তর কোরীয় বিমানকে আকাশপথ ব্যবহারের অনুমতি দেয়নি বলে শুক্রবার দাবি করেছে ইরাক।
এর আগে ইরাকি ভূখণ্ড ও আকাশপথ ব্যবহার করে সিরিয়ায় অস্ত্র পাঠানো হচ্ছে বলে অভিযোগ করেছিল যুক্তরাষ্ট্র।
পশ্চিমা একটি গোয়েন্দা প্রতিবেদনে জানানো হয়েছিল, ইরাকের আকাশপথ ব্যবহার করে ইরানি বেসামরিক বিমানগুলো সিরিয়ায় অস্ত্র ও সেনা পাঠাচ্ছে।
সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের বিরুদ্ধে চলমান বিদ্রোহ দমন করার জন্য এই অস্ত্র ও সেনা পাঠানো হচ্ছে বলে প্রতিবেদনে দাবি করা হয়।
চলতি মাসের প্রথম দিকে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা জানিয়েছিল, ইরাকি আকাশপথ ব্যবহারকারী ইরানি বিমানের বিষয়ে তারা ইরাকি কর্তৃপক্ষকে জিজ্ঞাসাবাদ করছে। সিরিয়াগামী অস্ত্রবহনকারী এসব বিমানকে না আটকালে ইরাককে দেওয়া মার্কিন সাহায্য বন্ধ করে দেওয়ার হুমকী দেন মার্কিন সিনেটর জন কেরি।
ইরাকি প্রধানমন্ত্রীর গণমাধ্যম উপদেষ্টা আলি আল মুসাভি বলেন, “ইরাকি ভূখণ্ড ও আকাশপথ ব্যবহার করে সিরিয়ায় কোনো অস্ত্র পাঠানো হচ্ছে কিনা, সে বিষয়ে ইরাকি সরকারের গৃহীত পদক্ষেপ অনুযায়ী চলমান তদন্তের অংশ হিসেবে সিরিয়াগামী একটি উত্তর কোরীয় বিমানকে ইরাকের আকাশপথ ব্যবহারের অনুমতি দেয়নি কর্তৃপক্ষ।”
“বিমানটিতে অস্ত্র থাকতে পারে সন্দেহে এ সিদ্ধান্ত নেওয়া হয়,” বলেন তিনি।
মুসাভি জানান, উত্তর কোরীয় বিমানটির শনিবার সিরিয়া যাওয়ার কথা ছিল।
বিমানটির বিষয়ে ইরাকি কর্তৃপক্ষের সন্দেহ দেখা দিলেও বিষয়টি নিয়ে উত্তর কোরিয়ার সঙ্গে বাগদাদের কোনো যোগাযোগ হয়নি বলে তিনি জানান।
তিনি আরো বলেন, ইরাক হয়ে ইরানি বেসামরিক বিমানগুলো সিরিয়ায় অস্ত্র পাঠাচ্ছে, এ অভিযোগের প্রমাণ দেওয়ার জন্য বার বার অনুরোধ জানানো হলেও কোনো প্রমাণ দাখিল করেনি যুক্তরাষ্ট্র।
তিনি বলেন, “আমরা ইরানি কর্তৃপক্ষকে জানিয়েছি আমরা যে কোনো সময় তাদের বিমান তল্ল¬াশি করবো। যখনই অস্ত্র সরবরাহের কোনো আলামত পাবো আমরা সিরিয়াগামী ইরানি বিমানের জন্য ইরাকের আকাশপথ বন্ধ করে দেবো।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১২১০ ঘ.
bdnews24