নয়াদিল্লি, সেপ্টেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ও খুচরা ব্যবসায় বিদেশি পুঁজি বিনিয়োগের সিদ্ধান্তের প্রতিবাদে অবশেষে চূড়ান্তভাবে সংযুক্ত প্রগতিশীল মোর্চার (ইউপিএ) সরকারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দোপাধ্যায়।
তৃণমূল কংগ্রেসের একজন মন্ত্রী ও পাঁচ প্রতিমন্ত্রী শুক্রবার ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন বলে জানিয়েছে এনডিটিভি। পদত্যাগের পাশাপাশি সরকার থেকে তৃণমূল কংগ্রেসের সমর্থন প্রত্যাহারের একটি চিঠিও রাষ্ট্রপতি প্রণব মুখার্জিকে দেয়া হয়েছে।
এদিন তৃণমূল কংগ্রেসের মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের বাসভবনে গিয়ে পদত্যাগপত্র জমা দেন।
পদত্যাগকারীরা হলেন, রেলমন্ত্রী মুকুল রায়, স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুদীপ বন্দোপাধ্যায়, পর্যটন প্রতিমন্ত্রী সুলতান আহমেদ, নগরোন্নয়ন প্রতিমন্ত্রী সৌগত রায়, গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী শিশির অধিকারী এবং তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী চৌধুরি মোহন জাটুয়া।
পদত্যাগের পরপরই চিঠি দিতে তারা যান প্রণবের কাছে। তৃণমূলের রেলমন্ত্রী মুকুল রায়ের সই করা সমর্থন প্রত্যাহারের চিঠিটি গ্রহণ করেন প্রণব।
রাষ্ট্রপতি ভবন থেকে ফিরে এসে রায় জানান, সরকারের সংখ্যাগরিষ্ঠতা প্রমাণে আস্থা ভোট চায় না তৃণমূল। বরং খুচরা ব্যবসায় সরাসরি বিদেশি বিনিয়োগের বিষয়টির ওপর পার্লামেন্টে ভোট চায় তার দল।
তৃণমূল কংগ্রেসের আপত্তি সত্ত্বেও সরকার এ মাসে ডিজেলের মূল্য লিটারপ্রতি ৫ রুপি বাড়ানোর পাশাপাশি খুচরা ব্যবসায়ে বিদেশি বিনিয়োগের অনুমতি দেয়। এছাড়া, প্রতি পরিবারের জন্য গ্যাস সিলিন্ডার বৃদ্ধির দাবি জানিয়ে ব্যর্থ হয় তৃণমূল কংগ্রেস।
সরকারকে ওই দাবিগুলো পূরণে সময়ও বেঁধে দেন মমতা। কিন্তু সরকার তার ডাকে সাড়া না দেয়ায় মমতা ১৮ সেপ্টেম্বর ভারতের ক্ষমতাসীন জোট ছাড়ার চূড়ান্ত ঘোষণা দেন।
বিজেপিকে দূরে সরিয়ে চার বছর আগে কংগ্রেসের সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন মমতা। জাতীয় নির্বাচনে জয়ের পর বিধান সভা নির্বাচনে বামফ্রণ্টের ভরাডুবি ঘটিয়ে পশ্চিমবঙ্গ রাজ্যে ক্ষমতায় বসেন কংগ্রেসের এক সময়কার এই নেত্রী।
গত এক বছর ধরেই বিভিন্ন বিষয়ে ইউপিএর সবচেয়ে বড় দল কংগ্রেসের সঙ্গে মনকষাকষি চলছিল জোটের দ্বিতীয় বৃহত্তম দল তৃণমূলের।
ইউপিএ সরকার তার দল তৃণমূল কংগ্রেসকে যথাযথ মূল্যায়ন করে না বলেও অভিযোগ করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা।
৫৪৫ আসনের লোকসভায় সোনিয়া গান্ধী নেতৃত্বাধীন ইউপিএ জোটের আসন সংখ্যা ২৭৩টি ছিল। তৃণমূল সরে যাওয়ায় ক্ষমতাসীনদের আসন সংখ্যা এখন ২৫৪টিতে নেমে এসেছে। তবে এত সরকার পতন ঘটছে না।
কারণ লোকসভায় ২২ আসন থাকা মুলায়ম সিং যাদবের সমাজবাদী পার্টি মনমোহনের সরকারকে সমর্থন দেয়ার কথা জানিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২০৫২ঘ.
bdnews24