ঢাকা, সেপ্টেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতের কেন্দ্রীয় সরকার থেকে দলের মন্ত্রীদের পদত্যাগের পর তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, মানুষের অধিকার বিপন্ন হলে তিনি গর্জে উঠবেন।
শনিবার পিটিআইয়ের এক খবরে এ কথা বলা হয়।
ভারতের খুচরা বাজারে বিদেশি বিনিয়োগের অনুমোদন এবং ডিজেলের মূল্যবৃদ্ধিসহ সরকারের কয়েকটি সিদ্ধান্তের প্রতিবাদে শুক্রবার সংযুক্ত প্রগতিশীল মোর্চা (ইউপিএ) সরকার থেকে সমর্থন প্রত্যাহার করে তৃণমূল কংগ্রেস। এদিন মনমোহনের মন্ত্রিসভা থেকেও পদত্যাগ করেন তৃণমূলের ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী।
এ বিষয়ে শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবকে নিয়ে প্রচলিত একটি লোককাহিনীর প্রসঙ্গ টেনে তৃণমূল কংগ্রেস প্রধান মমতা বলেন, “আমি কামড়াতে না পারলেও সবসময় ফোঁস ফোঁস করব। মানুষের অধিকার বিপন্ন হলেই আমরা তা করব।”
কথিত আছে স্বামী বিবেকানন্দের আধ্যাত্মিক গুরু শ্রী রামকৃষ্ণ পরমহংস দেব একটি গোখরা সাপকে পরামর্শ দিয়েছিলেন, সাপটি যেন মানুষকে না কামড়ায়। তবে আত্মরক্ষার জন্য মানুষকে ভয় দেখাতে ফোঁস ফোঁস করে।
মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “আমরা দরিদ্র হতে পারি, কিন্তু আমাদের আত্মমর্যাদা আছে। জনগণই গণতন্ত্রের মূল সম্পদ। মা, মাটি ও মানুষের প্রতি আমরা মাথা নত করতে পারি। কিন্তু ক্ষমতার দম্ভের কাছে মাথা নোয়াবো না।”
“বাংলা আজ যা ভাবে, বিশ্ব তা ভাবে আগামীকাল,” বলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা।
তৃণমূল কংগ্রেসের আপত্তি সত্ত্বেও মনমোহনের সরকার সম্প্রতি ডিজেলের দাম লিটারপ্রতি পাঁচ রুপি বাড়ানোর পাশাপাশি খুচরা ব্যবসায় বিদেশি বিনিয়োগের অনুমতি দেয়। এছাড়া গৃহকর্মের জন্য পরিবার প্রতি বরাদ্দকৃত ভর্তুকির গ্যাস সিলিন্ডারের সংখ্যা বাড়ানোর দাবি জানিয়েও বিফল হন মমতা বন্দ্যোপাধ্যায়।
এসব সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য সরকারকে সময় বেধে দিয়েও সাড়া না পাওয়ায় সরকার থেকে সমর্থন প্রত্যাহারের সিদ্ধান্ত নেয় মমতার দল তৃণমূল কংগ্রেস। তবে ক্ষমতাসীন ইউপিএ সরকার থেকে জোটের দ্বিতীয় বৃহত্তম শরিক দলের সমর্থন প্রত্যাহারের এ ধাক্কা সামলে নিয়েছে প্রধানমন্ত্রী মনমোহন সিং নেতৃত্বাধীন সরকার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এএইচ/২০০৩ ঘ.
bdnews24