জাতিসংঘ, নিউইয়র্ক, সেপ্টেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদকে অস্ত্র দিয়ে ক্ষমতায় টিকে থাকতে সহায়তা করার জন্য ইরানের তীব্র সমালোচনা করেছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সদস্য পশ্চিমা দেশগুলো।
বৃহস্পতিবার ১৫ সদস্যের নিরাপত্তা পরিষদের এক বৈঠকে ওই সমালোচনা করা হয়।
গত ১৮ মাস ধরে সিরিয়ার আসাদ সরকারের শাসনের বিরুদ্ধে আন্দোলন-বিদ্রোহ চলছে। এতে বিদ্রোহীদের সমর্থন দিচ্ছে কয়েকটি আরবদেশসহ পশ্চিমা দেশগুলো। আর শিয়া মুসলিম আসাদকে সমর্থন দিচ্ছে মিত্র ইরান।
বৈঠকে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত সুসান রাইস সিরিয়ায় ইরানের অস্ত্র সরবরাহের সমালোচনা করে একে “অত্যন্ত উদ্বেগজনক” বলে মন্তব্য করেছেন।
জাতিসংঘের অস্ত্র নিষেধাজ্ঞার আওতায় ইরান থেকে অন্য কোনো দেশে অস্ত্র রপ্তানি নিষিদ্ধ। ইরানের পরমাণু কর্মসূচীর বিরুদ্ধে বিদ্যমান নিষেধাজ্ঞারই একটি অংশ অস্ত্র নিষেধাজ্ঞা।
রাইস জাতিসংঘের ২০১২ সালের একটি প্রতিবেদন থেকে উদ্ধৃতি দেন, ওই প্রতিবেদনের উপসংহারে বলা হয়েছে, “অবৈধ ইরানি অস্ত্রের প্রধান ক্রেতা এখন সিরিয়া।”
ইরাকের নাম উল্লেখ না করলেও সম্ভবত বাগদাদের কথা মনে রেখেই ইরানের প্রতিবেশীদের তাদের ভূখণ্ড ব্যবহার করে অবৈধ অস্ত্র সরবরাহ করতে না দেওয়ার দায়িত্বের কথা স্মরণ করিয়ে দেন।
তিনি বলেন, “ওই অঞ্চলের দেশগুলোর অবশ্যই অবৈধ ইরানি অস্ত্রের চালান প্রতিরোধ ও আটক করার জন্য তাদের প্রচেষ্টা দ্বিগুণ করতে হবে। পাশাপাশি আকাশ পথে পাঠানো চালানও প্রতিরোধ করতে হবে।”
স¤প্রতি পশ্চিমা একটি গোয়েন্দা প্রতিবেদনে দাবি করা হয়েছে, আসাদকে সহায়তা করার জন্য ইরানের পাঠানো অস্ত্র ও সামরিক ব্যক্তিদের বিমান যোগে ইরাকের আকাশ পথে সিরিয়ায় পাঠানো হচ্ছে।
বৃহস্পতিবার ইরাক ওই অভিযোগ অস্বীকার করেছে ।
বুধবার রয়টার্সে প্রকাশিত ওই প্রতিবেদনে জানানো হয়, ইরানের ইসলামিক বিপ্ল¬বী রক্ষী দলের সদস্যরা ওই অস্ত্র সরবরাহের সঙ্গে জড়িত।
যদিও ইরাকের ভিতর দিয়ে সিরিয়ায় অস্ত্র পাঠানোর অভিযোগ নতুন নয়, ওই গোয়েন্দা প্রতিবেদনে দাবী করা হয়, আগের জানা তথ্য থেকেও অস্ত্র সরবরাহের পরিমাণ অনেক বেশি আর শৃঙ্খলাপূর্ণ। এ বিষয়ে ঊর্ধ্বতন ইরাকি কর্মকর্তা ও ইরানি কর্মকর্তাদের মধ্যে চুক্তিও হয়েছে বলে প্রতিবেদনটিতে অভিযোগ করা হয়।
ইরানের সমালোচনায় যুক্তরাষ্ট্রের সঙ্গে যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানিও যোগ দেয় এবং সিরিয়ায় অবৈধ অস্ত্র সরবরাহের জন্য ইরানের নিন্দা জানায়।
নিরাপত্তা পরিষদের অপর দুই স্থায়ী সদস্য রাষ্ট্র চীন ও রাশিয়ার রাষ্ট্রদূত তাদের বক্তব্যে সিরিয়ায় ইরানি অস্ত্র সরবরাহ নিয়ে কোনো কথা বলেননি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১২৪৮ ঘ.
bdnews24