ত্রিপোলি, সেপ্টেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- লিবিয়ার বেনগাজিতে যুক্তরাষ্ট্রের দূতাবাসে হামলায় রাষ্ট্রদূত ক্রিস্টোফার স্টিভেনস এর মৃত্যুর ঘটনায় সফররত যুক্তরাষ্ট্রের উপপররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম বার্নসের কাছে ক্ষমা চেয়েছে লিবিয়া।
স¤প্রতি যুক্তরাষ্ট্রে ইসলাম ধর্মকে অবমাননা করে একটি চলচ্চিত্র নির্মাণের জেরে বেনগাজির মার্কিন দূতাবাসে হামলা চালায় বিক্ষুব্ধ জনতা। ওই হামলায় স্টিভেনসসহ আরো তিন মার্কিনি নিহত হয়।
বৃহস্পতিবার সফররত মার্কিন উপপররাষ্ট্রমন্ত্রী বার্নস লিবিয়ার প্রধানমন্ত্রী মুস্তাফা আবু শাহঘুর ও জাতীয় পর্ষদের প্রধান মোহাম্মদ মাগারিফের সঙ্গে আলোচনা করেন। এরপর তিনি নিহত মার্কিন রাষ্ট্রদূত ক্রিস্টোফার স্টিভেনস ও অন্যান্য সহকর্মীদের স্মরণে আয়োজিত সভায় যোগ দেন।
লিবিয়ার পররাষ্ট্রমন্ত্রী আশহুর বিন খায়াল মার্কিন দূতাবাসে হামলা ও রাষ্ট্রদূত নিহত হওয়ার ঘটনায় ত্রিপোলির পক্ষ থেকে বার্নসের কাছে ক্ষমা চান। এ সময় তিনি নিগত রাষ্ট্রদূত ক্রিস্টোফার স্টিভেনসকে ‘লিবিয়ার বন্ধু’ আখ্যা দিয়েছেন বলে বৈঠকের পর লিবীয় পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়।
লিবীয় নেতাদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের বার্নস জানান, “আমরা লিবিয়া ও আমেরিকা একমত হয়েছি যে, ওই ভয়ানক ট্র্যাজেডির হোতাদের দ্রুত ধরে আইনের হাতে সোপর্দ করা খুব জরুরি। আর এ ব্যাপারে আমরা একসঙ্গে কাজ করবো বলে সিদ্ধান্ত নিয়েছি।”
বৈঠক শেষ বিদায়ী প্রধানমন্ত্রী আবদুরহিম এল-কিব বলেন, স্টিভেনসের হত্যাকাণ্ড নিশ্চিতভাবেই লিবিয়ার আদর্শিক মূল্যবোধের প্রতিনিধিত্ব করে না। এর আগে স্মরণসভায় কিব জানান, একটি অপরাধী চক্র এই হামলা চালিয়েছে, তাদের অবশ্যই আইনের মুখোমুখি করা হবে।
লিবিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন বার্নস ও বিন খায়াল ওই হামলা ও হত্যাকাণ্ডের ঘটনা তদন্তে কীভাবে যুক্তরাষ্ট্র অংশ নিতে পারে সেই বিষয়ে আলোচনা করেছেন। এ সময় উভয়েই দ্বিপাক্ষিক নিরাপত্তা ব্যবস্থার স¤প্রসারণ ও অর্থনৈতিক সহযোগিতার বিষয়েও আলোচনা করেছেন।
এর আগে গত সপ্তায় লিবিয়ার জাতীয় পর্ষদের প্রধান মাগারিফ বেনগাজির ঘটনায় যুক্তরাষ্ট্র, জনগণ এবং বিশ্বের কাছে ক্ষমা চেয়েছেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে টেলিফোর আলাপে তিনি এ ঘটনা তদন্তে উভয় রাষ্ট্রই একযোগে কাজ করবে বলে সম্মত হয়েছেন।
ওই হামলার ঘটনায় লিবিয়া বেনগাজির নিরাপত্তা প্রধান ও অন্যান্য কর্মকর্তাদের বরখাস্ত করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১০৩৬ ঘ.
bdnews24