ঢাকা, সেপ্টেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ‘ইসলাম অবমাননা’র বিতর্কিত চলচ্চিত্র ‘ইনোসেন্স অব মুসলিমস’ এর অভিনেত্রী গার্সিয়ার অনুরোধ মেনে ছবিটি ইউটিউব থেকে সরাতে অস্বীকৃতি জানিয়েছেন লস অ্যাঞ্জেলেস আদালতের বিচারক।
ছবিটিতে অভিনয় করা মার্কিন অভিনেত্রী সিন্ডি লী গার্সিয়া এর আগে বুধবার তার সঙ্গে জালিয়াতি এবং সুনামহানির অভিযোগে ছবির প্রযোজকের বিরুদ্ধে লস অ্যাঞ্জেলেস আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
একইসঙ্গে ইন্টারনেটে ভিডিও শেয়ারিং ওয়েবসাইট ইউটিউব থেকে ভিডিওচিত্রটি সরিয়ে নেয়ার দাবি জানান তিনি।
কিন্তু গার্সিয়ার এ অনুরোধ প্রত্যাখ্যান করেছেন লস অ্যাঞ্জেলেসের সুপেরিয়র কোর্ট এর বিচারক লুইস ল্যাভিন।
এক রায়ে তিনি বলেন, “ছবির প্রযোজককে অভিযোগপত্রের অনুলিপি দেয়া হয়নি। এ কারণে অনুরোধটি রক্ষা করা যাচ্ছে না।”
গার্সিয়ার অভিযোগ, তিনিসহ ছবিটির অন্যান্য অভিনেতা-অভিনেত্রীদের বলা হয়েছিল তারা মরু অভিযানের বিষয়বস্তু নিয়ে একটি চলচ্চিত্রে অভিনয় করছেন। এতে মহানবী হজরত মুহাম্মদ (সা.) কে চিত্রিত করা হবে এমন কথা তাদেরকে জানানোই হয়নি।
তিনি আরো বলেন, সিনেমার ইসলাম-বিরোধী সংলাপগুলো পরবর্তীতে ডাবিং করা হয়েছে এবং মূল চিত্রনাট্যে হজরত মুহম্মদ (সাঃ)-এর কোন উল্লেখ ছিল না।
এ প্রতারণার কারণেই চলচ্চিত্রটির মিশরীয় বংশোদ্ভূত প্রযোজক নাকুলা বাসিলি নাকুলার বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নেন গার্সিয়া।
‘ইসলামবিরোধী’ ওই ভিডিওচিত্রটির কারণে প্রাণনাশের হুমকি পাচ্ছেন বলেও জানিয়েছেন তিনি।
বিতর্কিত এ চলচ্চিত্রের খবর ছড়িয়ে পড়ার পর এশিয়া ও মধ্যপ্রাচ্যসহ বিশ্বজুড়ে বিভিন্ন দেশে মার্কিন-বিরোধী বিক্ষোভ সহিংসতা শুরু হয়। লিবিয়ার বেনগাজিতে হামলায় নিহত হন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতসহ চার জন।
বিশ্বের অন্যান্য দেশের পশ্চিমা দূতাবাসগুলোতেও হামলা চালায় বিক্ষুব্ধ মুসলিমরা। এ ঘটনার পরিপ্রেক্ষিতে আত্মগোপন করে আছেন নাকুলা।
যুক্তরাষ্ট্রের গণমাধ্যমে নকুলার ভাষ্য, তিনি ছবিটি তৈরি করতে সহায়তাকারী একটি কোম্পানির ম্যানেজার ছিলেন মাত্র। কিন্তু যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের বিশ্বাস, নকুলাই ছবিটির পরিচালক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২২৩২ঘ.
bdnews24