২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিয়ায় জঙ্গি বিমান হামলায় নিহত ৫৪

সিরিয়ার উত্তরাঞ্চলীয় আল রাক্কা প্রদেশে বৃহস্পতিবার একটি জ্বালানি কেন্দ্রে জঙ্গি বিমান হামলায় বিস্ফোরণ ঘটে অন্তত ৫৪ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো অনেকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Sep 2012, 02:16 PM

Updated : 24 Aug 2022, 12:10 PM

বৈরুত, সেপ্টেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--সিরিয়ার উত্তরাঞ্চলীয় আল রাক্কা প্রদেশে বৃহস্পতিবার একটি জ্বালানি কেন্দ্রে জঙ্গি বিমান হামলায় বিস্ফোরণ ঘটে অন্তত ৫৪ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো অনেকে। তবে ওই এলাকার এক আন্দোলনকর্মী এ হামলায় ১১০ জনেরও বেশি মানুষ হতাহত হওয়ার কথা বলেছেন বলে জানিয়েছে ‘সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস’। সিরিয়ার সরকারবিরোধী আন্দোলনকর্মী ও বিদ্রোহীদের উদ্ধৃতি দিয়ে বিবিসি জানিয়েছে, আইন ইসা এলাকার কাছে একটি পেট্রোল স্টেশনে লোকজন ডিজেল এবং পেট্রোল নিতে লাইনে দাঁড়িয়ে থাকার সময় বিমান থেকে বোমা হামলায় বিকট বিস্ফোরণ ঘটে স্টেশনটিতে আগুন ধরে যায়। এতে আন্দোলনকর্মীরা প্রাথমিকভাবে নিহতের সংখ্যা ৩০ উল্লেখ করেছে এবং এ সংখ্যা আরো বড়তে পারে বলে জানানো হয়েছে খবরে। আল রাক্কা থেকে আন্দোলকর্মীদের প্রকাশ করা একটি ভিডিওতে পেট্রোল স্টেশনের ধ্বংসাবশেষ থেকে কাল ধোঁয়া উড়তে দেখা গেছে। দেখা গেছে কয়েকটি বিধ্বস্ত যানও। তবে ভিডিওটির সত্যাসত্য যাচাই করা যায়নি। আন্দোলনকর্মীদের একটি দল ৭০ জন আহতকে রাক্কা শহরের হাসপাতালে নেয়া হয়েছে বলে জানিয়েছে। বিদ্রোহীদের কাছে জ্বালানি সরবরাহ ঠেকাতে সিরিয়ার সরকারি বাহিনী পল্লী এলাকার শহর ও গ্রামে পেট্রোল স্টেশনগুলোকে হামলার লক্ষ্যবস্তু করেছে। বৃহস্পতিবার সীমান্ত ফাঁড়ি তাল আল-আবিদ থেকে ২০ মাইল দূরের একটি গ্রামের পেট্রোল স্টেশনে ওই হামলা হয়। এর আগে বুধবার সরকারের সঙ্গে তুমুল লড়াইয়ের পর বিদ্রোহীরা গ্রামটি দখল করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২২০৬ঘ.