২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দামেস্কে বিদ্রোহী এলাকা অবরুদ্ধ, গ্রেপ্তার ১শ’

সিরিয়ার রাজধানী দামেস্কের দক্ষিণাঞ্চলীয় একটি বিদ্রোহী এলাকা বৃহস্পতিবার অভিযান চালিয়ে ঘেরাও করেছে নিরাপত্তা বাহিনী। গ্রেপ্তার করেছে ১শ’রও বেশি জনকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Sep 2012, 02:03 PM

Updated : 24 Aug 2022, 12:10 PM

বৈরুত, সেপ্টেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-- সিরিয়ার রাজধানী দামেস্কের দক্ষিণাঞ্চলীয় একটি বিদ্রোহী এলাকা বৃহস্পতিবার অভিযান চালিয়ে ঘেরাও করেছে নিরাপত্তা বাহিনী। গ্রেপ্তার করেছে ১শ’রও বেশি জনকে। সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন এ খবর দিয়েছে। সেনারা আরো অনেককে গুলি করে হত্যা করেছে বলে জানিয়েছে সরকারবিরোধীরা। ইয়ারমুক বিদ্রোহী এলাকার সরকারবিরোধী এক আন্দোলনকর্মী জানান, সেনা আর ট্যাঙ্ক দিয়ে এলাকাটির সব প্রবেশপথ বন্ধ। শ’ শ’ সেনা ভারী অস্ত্র নিয়ে তন্ন তন্ন করে বিদ্রোহীদের খুঁজছে। “আমরা এখানে আটকা পড়ে আছি। কেবলমাত্র শিশু, বুড়ো আর নারীরা এখান থেকে বেরোতে পারছে। তরুণ ছেলেমেয়েরা এলাকা থেকে বেরোতে পারছে না।” ইয়ারমুক এলাকাটিতে ফিলিস্তিনি শরণার্থী শিবির রয়েছে। রাষ্ট্রীয় টিভিতে এ এলাকায় ১শ’ জন গ্রেপ্তার হওয়ার কথা জানানো হয়েছে। কাছাকাছি আরেকটি এলাকায় তল্লাশি চলছে এবং সন্ত্রাসী আস্তানাগুলোতে কয়েকজনকে হত্যা করা হয়েছে বলেও জানানো হয়েছে খবরে। ইয়ারমুক এলাকায় এক তরুণীসহ অন্তত ৩ জনকে বৃহস্পতিবার সকালে গুলি করে মেরেছে সেনারা। লুকিয়ে থাকা আরো ৫ বিদ্রোহীকেও হত্যা করেছে তারা। দামেস্কের দক্ষিণাঞ্চলীয় উপকণ্ঠের যে সব জায়গায় বিদ্রোহীরা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করেছে সেরকম বহু জায়গায়ই সেনারা ধ্বংস করে দিয়েছে বলে জানিয়েছে সরকারবিরোধী আন্দোলনকর্মী ও প্রত্যক্ষদর্শীরা। এক বছরেরও বেশি সময় ধরে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ সরকারের বিরুদ্ধে আন্দোলন করছে বিদ্রোহীরা। বুধবার দামেস্ক ও আলেপ্পোয় সরকারি বাহিনী ও বিদ্রোহীদের মধ্যে নতুন করে প্রচণ্ড লড়াই হয়েছে। সিরিয়া সরকার বিদ্রোহীদের দমন করতে হেলিকপ্টারসহ অন্যান্য আকাশযান ব্যবহার করছে। সিরিয়ার রাজধানী দামেস্কের কাছে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার খবর পাওয়া যায় বৃহস্পতিবার। বিদ্রোহীরা প্রথমে এ হেলিকপ্টার ভূপাতিত করার দাবি করলেও বিবিসি জানায়, সিরীয় টিভির খবরে বলা হয়েছে, ২শ’ যাত্রীবাহী একটি বিমানের পেছনের অংশের সঙ্গে ধাক্কা খেয়ে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে। তবে বিমানের যাত্রীরা অক্ষত আছে এবং বিমানটি দামেস্ক বিমানবন্দরে অবতরণ করেছে বলে জানানো হয় খবরে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/এলকিউ/১৪৪২ঘ.