ঢাকা, সেপ্টেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আফগানিস্তানের যুদ্ধাভিযানে পুত্রসন্তানের মা হয়েছেন ব্রিটেনের এক নারী সেনা। শিশুটি ভূমিষ্ঠ হওয়ার আগে তার জানাই ছিল না যে তিনি সন্তানসম্ভবা।
হেলমান্দ প্রদেশের ক্যাম্প ব্যাসনে মঙ্গলবার এ শিশুর জন্ম হয়। কাঙ্খিত সময়ের পাঁচ সপ্তাহ আগে জন্মগ্রহণ করে শিশুটি ।
সামরিক বাহিনীর নীতি অনুযায়ী, কোন নারী সন্তানসম্ভবা থাকলে তাকে যুদ্ধাভিযানে পাঠানো যায় না। কিন্তু এক্ষেত্রে ওই নারী সেনা এবং প্রতিরক্ষামন্ত্রণালয় কারোই বিষয়টি জানা ছিল না।
মা ও শিশু উভয়েই সুস্থ আছেন বলে জানিয়েছে ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়।
সম্মুখযুদ্ধে নিয়োজিত ওই নারী গোলন্দাজ বাহিনীতে কাজ করেন। তার নাম জানানো হয়নি।
খবরে বলা হয়, মার্চে আফগানিস্তান যুদ্ধে যাওয়ার আগে ওই নারী সন্তানসম্ভবা থকালেও তখন তিনি তা বুঝতে পারেননি।
সন্তান জন্মদানের আগ মুহূর্তেই কেবল তিনি তা বুঝতে পারেন।
প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, সন্তানসম্ভবা কোনো নারী সেনাকে যুদ্ধাভিযানে মোতায়েন সামরিক নীতি বহির্ভুত হলেও এক্ষেত্রে বিষয়টি জানা যায়নি।
উল্লে¬খ্য, ২০০৩ সাল থেকে ইরাক ও আফগানিস্তানে নিয়োজিত প্রায় ২০০ নারীকে সন্তানসম্ভবা সনাক্ত করার পর দেশে ফেরত পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৮২৬ঘ.
bdnews24