ওয়াশিংটন, সেপ্টেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার কাছ থেকে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা কংগ্রেশনাল মেডাল গ্রহণ করেছেন মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চি।
মিয়ানমারের গণতান্ত্রিক সংগ্রামে দীর্ঘ লড়াই চালানোর স্বীকৃতি হিসেবে বুধবার তাকে এই সম্মাননা দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট।
এর আগে মার্কিন প্রেসিডেন্টের ওভাল অফিসে ওবামার সঙ্গে একান্তে বৈঠক করেন সু চি।
১৯৬২ সাল থেকে সামরিক শাসনে থাকা মিয়ানমার স¤প্রতি গণতন্ত্রের পথে যাত্রা শুরু করেছে।
সম্মাননা গ্রহণ অনুষ্ঠানে শান্তিতে নোবেল জয়ী সু চি বলেন, “আজ আমার জীবনের ছবির মতো একটি দিন। একটি অবিভক্ত গৃহে (কংগ্রেস) এসে দাঁড়িয়েছি আমি। আর দূর থেকে আসা এক আগন্তুককে স্বাগত জানাতে সবাই একত্রিত হয়েছেন এখানে।”
তিনি আরো বলেন, “এখানে যে মুখগুলো আমি দেখছি, তাদের কাউকে কাউকে আমি গৃহবন্দি থাকা অবস্থায় দেখেছিলাম। এবং কাউকে কাউকে দেখেছি গৃহবন্দিত্ব থেকে মুক্তি পাওয়ার পর।”
১৭ বছর গৃহবন্দি থাকাকালে যুক্তরাষ্ট্রের আইনপ্রণেতারা সু চির প্রতি যে দৃঢ় সমর্থন জানিয়ে এসেছেন, সেজন্যও তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সু চির সঙ্গে বৈঠকের পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, বছরের পর বছর ধরে গণতন্ত্র ও মানবাধিকারের জন্য সু চির সাহস ও ব্যক্তিগত আত্মত্যাগের প্রতি প্রেসিডেন্ট শ্রদ্ধা জানিয়েছেন।
মিয়ানমারের গণতান্ত্রিক উত্তরণে সা¤প্রতির অগ্রগতিতে সু চির দল ন্যাশনাল লিগ ফর ডেমক্রেসি পার্টি ও দেশটির প্রেসিডেন্ট থিয়েন সিয়েনের পদক্ষেপগুলোকে স্বাগত জানিয়েছেন ওবামা।
সম্মাননা গ্রহণ অনুষ্ঠানে সুচি আরো বলেন, “আজ এটি সম্ভব হয়েছে প্রেসিডেন্ট থিয়েন সিয়েনের সংস্কার পদক্ষেপের কারণে।”
অনুষ্ঠানে মিয়ানমারের প্রেসিডেন্টের পক্ষ থেকে একজন মন্ত্রী ও ওয়াশিংটনে নিযুক্ত মিয়ানমারের নতুন রাষ্ট্রদূত উপস্থিত ছিলেন। সু চি সবার প্রতি কৃতজ্ঞতা জানান।
আগামী সপ্তাহে জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে আসছেন মিয়ানমারের প্রেসিডেন্ট থিয়েন সিয়েন। এ সময় তিনি যুক্তরাষ্ট্রের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন বলে আশা করা হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১০১৫ ঘ.
bdnews24