‘ব্যথানাশকে বাড়ছে ব্যথা’
অধিক পরিমাণে ব্যথানাশক ওষুধ সেবনের কারণে যুক্তরাজ্যে প্রায় ১০ লাখ মানুষ তীব্র মাথাব্যথায় ভুগছেন বলে চিকিৎসকদের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে।
‘ব্যথানাশকে বাড়ছে ব্যথা’
যুক্তরাজ্যের ন্যাশনাল ইনস্টিটিউট ফর হেলথ অ্যান্ড ক্লিনিক্যাল এক্সিলেন্সের (এনআইসিই) মাথাব্যথা চিকিৎসা সংক্রান্ত নীতিমালায় একথা বলা হয়েছে।
মাথাব্যথার চিকিৎসায় কিছু কিছু ক্ষেত্রে আকুপাংচারের আশ্রয় নেয়ারও সুপারিশ করা হয়েছে ওই নীতিমালায়।
ওষুধ সেবনে মাথাব্যাথা বাড়ে- মাইগ্রেন ও অন্য সব ধরনের মাথাব্যাথার ক্ষেত্রে একই ঘটনা ঘটে বলে তাতে বলা হয়।
এ বিষয়ে এনআইসিই প্যানেলের প্রধান ও ওয়ারউইক মেডিকেল স্কুলের অধ্যাপক মার্টিন আন্ডারউড বলেন, “মাথাব্যথার এই দুষ্টচক্র এমন যেখানে আপনার মাথাব্যথা হলে আপনি পেইনকিলার সেবন করেন, তাতে আপনার মাথাব্যথা আরো বাড়ে এবং তাতে আরো খারাপ অবস্থা হয়, আরো খারাপ এবং আরো খারাপ হয়।”
অবশ্য ব্যথানাশক ওষুধ মানুষের মস্তিষ্কের ওপর কী ধরনের প্রভাব ফেলে সে বিষয়ে চিকিৎসকরা নিশ্চিত হতে পারেননি বলে বিবিসির ওই প্রতিবেদনে বলা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/১৮০২ ঘ.
