প্যারিস, সেপ্টেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- গোপন ক্যামেরায় তোলা ব্রিটিশ রাজবধূ কেট মিডলটনের অর্ধনগ্ন ছবি ছাপা মঙ্গলবার নিষিদ্ধ করেছে ফ্রান্সের আদালত।
কোনো ম্যাগাজিন বা পত্রিকা ভবিষ্যতে এ নিষেধাজ্ঞা অমান্য করলে প্রতিটি ছবির জন্য ১০ হাজার ইউরো জরিমানারও রায় দেয়া হয়েছে।
একইসঙ্গে ক্লোজার ম্যাগাজিনকেও কেটের তোলা মূল ছবিগুলো ২৪ ঘন্টার মধ্যে রাজদম্পতিকে ফিরিয়ে দিতে বলা হয়েছে। এগুলো ফেরত দিতে দেরী করলে দিনপ্রতি ১০ হাজার ইউরো জরিমানা গুণতে হবে ম্যাগাজিনটিকে।
আদালতের এ রায়ের ফলে ফ্রান্সের ক্লোজার ম্যাগাজিন অন্য কোনো গণমাধ্যমের কাছে ছবিগুলো বিক্রি করতে পারবে না। প্রিন্স উইলিয়াম ও কেট আদালতের এ রায়কে স্বাগত জানিয়েছেন।
আদালতের এ রায় কেবল ফ্রান্সেই প্রযোজ্য। আইরিশ ডেইলি স্টার পত্রিকা এবং ইতালির চি ম্যাগাজিন ইতোমধ্যেই কেটের ছবি ছেপেছে।
ডিউক এন্ড ডাচেস অব কেমব্রিজ কেট ও উইলিয়াম যুক্তরাজ্যের রানি এলিজাবেথের এক আত্মীয়ের আমন্ত্রণে ফ্রান্সে ছুটি কাটানোর সময় দূর থেকে ছবি তুলতে সক্ষম ক্যামেরা দিয়ে কেটের রোদ্রøানের ছবি তুলে গত শুক্রবার সেগুলো ছাপে ক্লোজার ম্যাগজিন।
এ ছবিগুলোতে কেটকে ঊর্ধাঙ্গ অনাবৃত অবস্থায় দেখা গেছে। আদালতের রায়ে ম্যাগাজিনে কেটের এ ছবি প্রকাশকে রাজদম্পতির ব্যক্তিগত গোপনীয়তার ‘নির্লজ্জ প্রদর্শনী’ বলে অভিহিত করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএফ/এলকিউ/২১২০ ঘ.
bdnews24