আফগানিস্তান, সেপ্টেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আফগানিস্তানের নিরাপত্তা বাহিনীর কাছ থেকে কয়েক দফায় হামলার শিকার হওয়ার পর আফগান সেনাদের সঙ্গে যৌথ যুদ্ধাভিযান কমাচ্ছে নেটো বাহিনী।
কেবলমাত্র বড় অভিযানগুলোই এখন আফগান নিরাপত্তা বাহিনীর সঙ্গে যৌথভাবে পরিচালনা করবে নেটো। আর ক্ষেত্রবিশেষে ঘটনার গুরুত্ব বিবেচনায় চলবে যৌথ টহলের কাজ।
এ বছর দুর্বৃত্ত আফগান সেনা কিংবা পুলিশের হামলায় এ পর্যন্ত নিহত হয়েছে ৫১ জন নেটো সেনা। এর মধ্যে অগাস্টেই নিহত হয়েছে ১৫ বিদেশি সেনা।
এ মাসে গত সপ্তাহান্তে আফগান বাহিনীর সদস্যদের হামলায় নিহত হয়েছে ৪ মার্কিন ও দুই ব্রিটিশ সেনা। আফগান সেনা বা পুলিশের হাতে এ বছর নিহত হয়েছে পঞ্চম আরেকজন ব্রিটিশ সেনা।
আফগান বাহিনী থেকে এ হামলা ছাড়াও মঙ্গলবার রাজধানী কাবুলে বিদেশিদের বহনকারী একটি গাড়িতে আত্মঘাতী বোমা হামলায় ১২ জন নিহতের ঘটনার পর নেটো যৌথ অভিযান কমানোর নির্দেশ দিয়েছে।
আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের ২য় শীর্ষ কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল জেমস টেরি মঙ্গলবার আফগান বাহিনীর সঙ্গে অভিযান কমানোর এ নির্দেশ দেন। এর ফলে আফগান বাহিনীর ছোট ইউনিটগুলোর সঙ্গে নেটো বাহিনীর যৌথ যুদ্ধাভিযান অনির্দিষ্টকালের জন্য বন্ধ হল।
নেটো- নেতৃত্বাধীন বাহিনীর মেজর এডাম ওজাক বলেন, আফগান নিরাপত্তা বাহিনীর বেশির ভাগ সদস্যকেই এখন নেটো বাহিনীর সহায়তা ছাড়া অভিযান পরিচালনা করতে হবে। ব্যাহত হবে তাদের প্রশিক্ষণও।
নেটোর এ পদক্ষেপে ২০১৪ সালে আফগান বাহিনীর হাতে নিরাপত্তার দায়িত্ব হস্তান্তরের পরিকল্পনা বাস্তবায়নে জটিলতা দেখা দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
তবে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লিও পানেট্টা বলছেন, যুক্তরাষ্ট্র সরকার আফগান বাহিনীর কাছ থেকে নেটো সেনাদের হামলার শিকার হওয়ার ঘটনায় উদ্বিগ্ন। কিন্তু ২০১৪ সালে আফগানিস্তানের নিরাপত্তা ভার আফগান বাহিনীর কাছে সময়মতই হস্তান্তকরা হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএফ/এলকিউ/১৬৩৪ঘ.
bdnews24