ত্রিপোলি, লিবিয়া, সেপ্টেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- গত সপ্তাহে মার্কিন কনস্যুলেট ভবনে হামলার জেরে বেনগাজির নিরাপত্তা প্রধানকে বরখাস্ত করেছে লিবীয় সরকার। ওই হামলায় লিবিয়ায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ক্রিস্টোফার স্টিভেন্স নিহত হন।
লিবিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী ফাওজি আব্দেল আল সোমবার এ খবর জানিয়েছেন।
তিনি বলেন, “গত সপ্তাহে জনাব শরিফ ও নিরাপত্তা প্রধানকে সরানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।”
লিবিয়ার পূর্বাঞ্চলের জন্য দায়িত্বপ্রাপ্ত উপস্বরাষ্ট্রমন্ত্রী ওয়ানিস শরিফকে সরিয়ে তার জায়গায় কর্নেল সালাহদিন দঘমানকে দায়িত্ব দেওয়া হয়েছে।
এছাড়া বেনগাজির জাতীয় নিরাপত্তা প্রধান হাসান বউ হামিদাকে বরখাস্ত করে নিরাপত্তা প্রধানের দায়িত্বও কর্নেল দঘমানের কাছে হন্তান্তর করা হয়েছে।
ফাওজি বলেন, “বেনগাজির নিরাপত্তা রক্ষায় নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে যদি কোনো দুর্বলতা দেখা দেয় তাহলে আমরা যা ঠিক বলে মনে করবো তাই বাস্তবায়ন করবো।”
হযরত মোহাম্মদকে (সা.) ‘হেয় করে নির্মিত’ চলচ্চিত্রের প্রতিবাদে গত মঙ্গলবার একদল বিক্ষুব্ধ মানুষ লিবিয়ার পূর্বাঞ্চলীয় শহর বেনগাজিতে অবস্থিত যুক্তরাষ্ট্রের কনস্যুলেট ভবনে হামলা চালায়।
এই হামলাকারীদের একটি অংশের আক্রমণে মারা যান রাষ্ট্রদূত স্টিভেন্স ও অপর তিন মার্কিন নাগরিক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/০৯৪৮ ঘ.
bdnews24