ঢাকা, সেপ্টেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কেন্দ্রীয় সরকার থেকে সমর্থন প্রত্যাহার করা হবে কি না তা নিয়ে সোমবার বৈঠকে বসছে ভারতের ক্ষমতাসীন ইউপিএ জোটের অন্যতম প্রধান শরিক দল তৃণমূল কংগ্রেস।
ভারতের খুচরা পণ্যের বাজার বহুজাতিক চেইন শপগুলোর জন্য উন্মুক্ত করে দেওয়ায় দলটি ক্ষুব্ধ হয় বলে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে।
শনিবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দোপাধ্যায়, এই সিদ্ধান্ত থেকে সরে আসার জন্য দিল্লির সরকারকে ৭২ ঘন্টা সময় বেধে দিয়েছেন। এই সময়ের মধ্যে সিদ্ধান্ত পরিবর্তন করা না হলে কেন্দ্রীয় সরকার থেকে সমর্থন প্রত্যাহার করা হবে বলে হুমকি দিয়েছেন তিনি।
অন্যদিকে, সরকারের এই সিদ্ধান্তের প্রতিবাদে ভারতের বিরোধীদলগুলো বৃহস্পতিবার দেশজুড়ে সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে।
বিশ্বের অন্যান্য অর্থনীতির জন্য ভারতের বাজার সহজ করার পরিকল্পনার অংশ হিসেবে দিল্লি এই সিদ্ধান্ত নিলেও ক্ষুদ্র দোকানিরা নিজেদের ব্যবসা গুটিয়ে যাওয়ার শঙ্কায় পড়ে গেছে।
গেল বছরও একই ধরনের একটি পরিকল্পনা প্রতিবাদের মুখে বাতিল করতে বাধ্য হয় কেন্দ্রীয় সরকার।
ভারতীয় গণমাধ্যমগুলোর ধারণা, সিদ্ধান্তটির প্রতিবাদে কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে তৃণমূলের মন্ত্রীরা পদত্যাগ করতে পারেন, কিন্তু মমতা সম্ভবত সরকারের প্রতি সমর্থন অব্যাহত রাখবেন।
মমতা বলেছে, খুচরা পণ্যের বাজার উন্মুক্ত করে দেওয়ার সিদ্ধান্ত থেকে কেন্দ্রীয় সরকার যদি সরে না আসে তবে তার দল ‘কঠিন সিদ্ধান্ত’ নেবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১৫১৪ ঘ.
bdnews24