২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চীনকে সহিংসতা বন্ধ করতে হবে: জাপান

দ্বীপ নিয়ে চরম বিরোধের মধ্যে চীনের কাছে জাপান- বিরোধী সহিংসতা বন্ধের দাবি জানিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহিকো নোদা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Sep 2012, 11:39 AM

Updated : 24 Aug 2022, 12:08 PM

বেইজিং, সেপ্টেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- দ্বীপ নিয়ে চরম বিরোধের মধ্যে চীনের কাছে জাপান- বিরোধী সহিংসতা বন্ধের দাবি জানিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহিকো নোদা। শুক্রবার পূর্ব চীন সাগরের বিতর্কিত দ্বীপপুঞ্জের কাছে চীনের ছয়টি টহল জাহাজ পাঠানো নিয়ে জাপানের সঙ্গে উত্তেজনা দেখা দিয়েছে। জাপান এ ঘটনাকে নজিরবিহীন বলে মন্তব্য করলেও পিছু হটছে না চীন। দ্বীপ নিয়ে এ বিরোধকে কেন্দ্র করে চীনে ছড়িয়ে পড়েছে জাপান-বিরোধী বিক্ষোভ সহিংসতা। জাপানের বিরুদ্ধে রোববার দ্বিতীয় দিনের মতো চীনা নগরীর রাস্তায় নেমেছে বিক্ষোভকারীরা। তাছাড়া, চীনে জাপানের নাগরি দের ওপর হামলা বা তাদের উত্তক্ত করার একধিক ঘটনা ঘটারও খবর পাওয়া গেছে। এর পরিপ্রেক্ষিতে জাপান চীনে তাদের নাগরিকদের সতর্ক করে দেওয়ার পাশাপাশি জাপান-বিরোধী সহিংসতা বন্ধে বেইজিং সরকারকে আহ্বান জানিয়েছে। শনিবার চীনেজুড়ে জাপানবিরোধী সহিংসতা ছড়িয়ে পড়ে। রোববার ২য় দিনের মতো বেইজিং এর জাপানি দূতাবাসের কাছে বক্ষোভে শ’শ’ বিক্ষোভকারীর সঙ্গে দাঙ্গা পুলিশের সংঘর্ষ হয়েছে। জাপানি ব্যবসাপ্রতিষ্ঠানগুলোও বিক্ষোভকারীদের হামলার শিকার হচ্ছে। বিক্ষোভ সামাল দিতে হিমশিম খাচ্ছে চীন। এ অস্থিরতার মুখে জাপানি টিভিতে প্রধানমন্ত্রী নোদা বলেছেন, আমরা চাই চীন পরিস্থিতির ওপর নজর রাখুক। যাতে অন্তত চীনে জাপানের নাগরিকরা এবং জাপানের ব্যবসাপ্রতিষ্ঠানগুলো বিপদগ্রস্ত না হয়। কিয়োদো বার্তা সংস্থায় নোদার উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, আমরা কঠোর অবস্থান বজায় রাখব, “তবে একইসঙ্গে শান্তও থাকব। চীনকেও একইরকম অবস্থান ধরে রাখার অনুরোধ জানাবে জাপান।” রোববার চীনের বেশ কয়েকটি নগরীতে বিক্ষোভ ছড়িয়ে পড়ার খবর পাওয়া গেছে। সিয়ান শহরে এক সাংবাদিকের জাপানি ব্রান্ডের ক্যামেরা ভাঙচুর করেছে বিক্ষুব্ধ চীনারা। জাপানের তৈরি গাড়িও বিক্ষোভকারীরা ভাঙচুর করেছে বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা। পূর্ব চীন সাগরের বিরোধপূর্ণ দ্বপটিকে চীন ডাকে দিয়াওউ আর জাপান ডাকে সেনকাকু নামে। গত মঙ্গলবার জাপান ওই দ্বীপ কেনার সিদ্ধান্ত জানালে ক্ষুব্ধ চীন একে উস্কানিমূলক এবং তাদের সার্বভৌমত্বের লঙ্ঘন বলে অভিযোগ করে। এরপরপরই ওই দ্বীপপুঞ্জের কাছে জলসীমায় টহল জাহাজ পাঠায় চীন। চীনের সংবাদ সংস্থা সিনহুয়া জানায়, ‘দেশের সার্বভৌমত্ব রক্ষা করতে’ এসব দ্বীপের কাছাকাছি অঞ্চলে পৌঁছেছে টহল জাহাজগুলো। পূর্ব চীন সাগরের জনবসতিবিহীন কিন্তু খনিজে সমৃদ্ধ ওই দ্বীপগুলোর মালিকানা দাবি করে আসছে চীন, জাপান এমনকি তাইওয়ানও। ওকিনাওয়ার দক্ষিণে ও তাইওয়ানের উত্তরে অবস্থিত এ দ্বীপগুলো সমুদ্রপথে গুরুত্বপূর্ণ রুটগুলোর মধ্যে পড়েছে। এছাড়া এগুলোর কাছাকাছি অঞ্চলে সমুদ্রতলে একটি প্রাকৃতিক গ্যাসক্ষেত্র আছে বলে মনে করা হয়। চীনা গণমাধ্যম জানিয়েছে, টহল জাহাজগুলোর মাধ্যমে নৌ বাহিনীর অধিকার প্রতিষ্ঠা এবং নজরদারি চলছে। অন্যদিকে, জাপান বলছে, চীন তাদের জলসীমায় অনুপ্রবেশ করেছে। চীনা রাষ্ট্রদূতের কাছে এ ব্যাপারে ইতোমধ্যেই আনুষ্ঠানিভাবে প্রতিবাদ জানিয়েছে জাপান। ওদিকে, জাপান দ্বীপটিকে নিজের সম্পত্তি মনে করছে অভিযোগ করে বেইজিংয়ে বিক্ষোভ করে যাচ্ছে ক্ষুব্ধ চীনারা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এলকিউ/১৭৩০ ঘ.