লস অ্যাঞ্জেলস, সেপ্টেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মুসলিম বিশ্বে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টিকারী চলচ্চিত্র ‘ইনোসেন্স অব মুসলিম’ এর প্রযোজক নাকৌলা ব্যাসেলি নাকৌলাকে (৫৫) জিজ্ঞাসাবাদ করেছে যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষ।
শনিবার ক্যালিফোর্নিয়ার লস এ্যাঞ্জেলস শহরের শেরিফের দপ্তরে তাকে জিজ্ঞাসাবাদ করেন যুক্তরাষ্ট্রের আইন কর্মকর্তারা।
যুক্তরাষ্ট্র সরকার শুক্রবার জানিয়েছিল, চলচ্চিত্রটির প্রযোজক নাকৌলা কারগার থেকে যে শর্তে মুক্তি পেয়েছেন তা লঙ্ঘণ করা হয়েছে কি না- তা তদন্ত করে দেখা হচ্ছে।
২০১০ সালে ব্যাংক জালিয়াতির দায়ে কারাদ- পান দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বাসিন্দ নাকৌলা। গত জুনে কারাগার থেকে শর্তসাপেক্ষে মুক্তি দেয়া হয় মিশরীয় বংশোদ্ভূত এই খ্রিস্টান ধর্মাবলম্বীকে।
লস এ্যাঞ্জেলসের শেরিফ দপ্তরের মুখপাত্র স্টিভ হুইটমোর জানিয়েছেন, নাকৌলাকে ত্রিশ মিনিট জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তবে তাকে এখনই ছেড়ে দেয়া হচ্ছে না।
শনিবার মধ্যরাতের কিছু পরে নিজের বাসা থেকে বের হয়ে কর্মকর্তাদের সঙ্গে একটি গাড়িতে করে শেরিফ দপ্তরের উদ্দেশে রওনা হন নাকৌলা। এ সময় তিনি মুখ সাদা কাপড় দিয়ে ডেকে রাখেন। তার চোখে ছিল রোদচশমা, মাথায় হ্যাট।
‘ইনোসেন্স অব মুসলিম’ নামের ১৩ মিনিটের এই ইংরেজি চলচ্চিত্রটি ইন্টারনেটে ছড়িয়ে পড়লে মুসলিম বিশ্বে তীব্র প্রতিক্রিয়া হয়। আরবের বিভিন্ন দেশে যুক্তরাষ্ট্রের দূতাবাসে হামলা চালানো হয় এবং লিবিয়ায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতসহ বহু লোক হতাহত হন।
যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের আইনে এ ধরনের চলচ্চিত্র নির্মাণ কোনো অপরাধ নয়। এ কারণে চলচ্চিত্রটি নিয়ে কর্তৃপক্ষ কোনো তদন্ত করেছে না। এর প্রযোজক অন্য কেনোভাবে আইন ভেঙেছেন কি না, সেটাই দেখা হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/১০৩২ ঘ.
bdnews24