ইসলামাবাদ, সেপ্টেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানির ছেলে আলি মুসা গিলানিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ওষুধ সংক্রান্ত একটি মামলায় হাজির করার উদ্দেশ্যেই শুক্রবার তাকে গ্রেপ্তার করা হয় বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
টেলিভিশনের ফুটেজে দেখা যায়, আলি মুসাকে গাড়ি থেকে নামিয়ে হাতে হাতকড়া লাগাচ্ছে পুলিশ। পুলিশ জানিয়েছে, আদালতে হাজির করার জন্যই তাকে গ্রেপ্তার করা হয়েছে।
হাঁপানি ও সর্দি জ্বর সম্পর্কিত একটি ওষুধের উপাদান রপ্তানিতে কোটা বাড়াতে আলি মুসা স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওপর চাপ সৃষ্টি করেছিলেন বলে অভিযোগ উঠেছে।
চলতি বছরের জুনেই আদালতের নির্দেশে প্রধানমন্ত্রিত্ব হারান ইউসুফ রাজা গিলানি।
পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারির অর্থ পাচার সংক্রান্ত একটি অভিযোগ তদন্ত পুনরায় শুরুর ব্যাপারে সুইস ব্যাংক কর্তৃপক্ষকে সরকারি ভাবে চিঠি দিতে অস্বীকৃতি জানান গিলানি।
এর পরিপ্রেক্ষিতে আদালতের নির্দেশ অমান্য করার অভিযোগে তাকে প্রধানমন্ত্রী পদে অযোগ্য ঘোষণা করা হয়।
এরপর রাজা পারভেজ আশরাফকে পাকিস্তানের প্রধানমন্ত্রী পদে নির্বাচন করা হয়। একই অভিযোগে আদালতে শুনানির মুখোমুখি হচ্ছেন তিনি।
বিষয়টি নিয়ে আদালত ও সরকার মুখোমুখি অবস্থানে দাঁড়িয়েছে। এই অবস্থাতেই গ্রেপ্তার হলেন সাবেক প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানির ছেলে আবু মুসা গিলানি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১৩৪৩ ঘ.
bdnews24