কাবুল, সেপ্টেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আফগানদের ইসলাম-বিরোধী সিনেমা দেখা বন্ধ করতে বুধবার ইউটিউব নিষিদ্ধ করেছে আফগানিস্তান।
হযরত মুহাম্মদ (সাঃ)-কে তিরস্কার করে যুক্তরাষ্ট্রের তৈরি ‘ইনোসেন্স অব মুসলিমস’ নামের সিনেমাটি নিয়ে ইতোমধ্যে উত্তর আফ্রিকায় বিক্ষোভ ছড়িয়ে পড়েছে এবং লিবিয়ায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হামলায় নিহত হয়েছেন।
আফগানিস্তানের যোগাযোগ মন্ত্রণালয়ের তথ্য প্রযুক্তি বিভাগের মহাপরিচালক আইমল মারজান বলেছেন, “ওই ভিডিওটি সাইট থেকে না সরা পর্যন্ত আফগানদের জন্য ইউটিউব বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।”
ওই সিনেমায় নবীকে বহুগামী ও ভণ্ড ধার্মিক হিসাবে দেখানোয় চলচ্চিত্রটির নিন্দা করেছেন আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাই।
তিনি বলেছেন, ওই চলচ্চিত্রকার ‘অনৈতিক কাজ’ করেছেন। বাক স্বাধীনতা ইসলামের অবমাননাকে সমর্থন করে না।
চলচ্চিত্রটি নির্মাণে সহায়তা করেছেন যুক্তরাষ্ট্রের ধর্মযাজক টেরি জনস যিনি ২০১০ সালে কোরআন পোড়ানোর পরিকল্পনা করেছিলেন; যার কারণে আফগানিস্তানে প্রাণঘাতী দাঙ্গা দেখা দিয়েছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২১৪০ঘ.
bdnews24