ঢাকা, সেপ্টেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা যাকে ‘সাহসী এবং দেশের প্রতিনিধি হিসাবে দৃষ্টান্ত’ বলতেন; বেনগাজির মার্কিন দূতাবাসে হামলায় নিহত হলেন লিবিয়ায় নিযুক্ত সেই রাষ্ট্রদূত জে ক্রিস্টোফার স্টিভেনস।
এ বছরের ২২ মে থেকে লিবিয়ায় রাষ্ট্রদূত হিসাবে দায়িত্ব পালন করছিলেন যুক্তরাষ্ট্রের এ কূটনীতিক।
লিবিয়ার রাষ্ট্রদূত হিসাবে মনোনয়ন পাওয়ার পর মার্কিন সিনেট কমিটিতে পাঠানো এক লিখিত বিবৃতিতে এ মনোনয়নকে তার জন্য ‘অসাধারণ সম্মান’ বলে মন্তব্য করেছিলেন স্টিভেনস।
যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, লিবিয়ায় তিনি এর আগে আরো দু’বার গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। ২০০৭ সাল থেকে ২০০৯ সাল পর্যন্ত মার্কিন মিশনের উপ-প্রধান হিসাবে এবং এরপর ২০১১ সালে অন্তবর্তী জাতীয় পরিষদের (টিএনসি) কাছে পাঠানো মার্কিন প্রতিনিধি হিসাবে দায়িত্ব পালন করেছেন তিনি।
লিবিয়ায় গণবিপ্লবের পুরোটা সময়ই স্টিভেনস বেনগাজি অভিযানে তার দায়িত্ব পালনে ছিলেন নিবেদিতপ্রাণ। নিজের জীবন বিপন্ন করেও দেশের স্বার্থ ও মূল্যবোধ সমুন্নত রাখতে তিনি ছিলেন প্রতিশ্র“তিদ্ধ-- তার মৃত্যুতে শ্রদ্ধা জানিয়ে এ মন্তব্য প্রেসিডেন্ট বারাক ওবামা ও পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের।
আরবী ও ফরাসী ভাষায় দক্ষ কূটনীতিক স্টিভেনস জেরুজালেম, দামেস্ক ও কায়রোসহ মধ্যপ্রাচ্যের আরো কয়েকটি দেশের মার্কিন দূতাবাসে দায়িত্ব পালন করেছেন বলে জানিয়েছে বিবিসি।
এছাড়া যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যুরো অফ নিয়্যার ইস্টার্ন অ্যাফেয়ার্স এবং ওয়াশিংটনে আরো কয়েকটি পদে দায়িত্ব পালন করেছেন তিনি।
স্টিভেনস এর জন্ম ক্যালিফোর্নিয়ার উত্তরাঞ্চলে। সেখানেই তিনি বেড়ে উঠেছেন।
১৯৯১ সালে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র বিভাগের চাকরিতে যোগ দেওয়ার আগে তিনি ওয়াশিংটন ডিসি’তে আন্তর্জাতিক বাণিজ্য বিষয়ক আইনজীবী হিসাবে কাজ করতেন।
ক্যালিফোর্নিয়ার ‘ইউনিভার্সিটি অব বারকেলি’ থেকে øাতক পাস করেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২০১৮ঘ.
bdnews24