ওয়াশিংটন, সেপ্টেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- লিবিয়ায় রকেট হামলায় মার্কিন রাষ্ট্রদূত এবং দূতাবাসের আরো তিন কর্মকর্তা হত্যার তীব্র নিন্দা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা।
এ হামলা অত্যন্ত ‘ন্যাক্কারজনক’ আখ্যা দিয়ে বিশ্বব্যাপী মার্কিন কূটনৈতিক অবস্থানগুলোতে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন তিনি।
লিবিয়ার বেনগাজিতে গাড়িতে করে যাওয়ার সময় রকেট হামলায় মার্কিন কূটনীতিকরা নিহত হওয়ার পরপরই বুধবার এক বিবৃতিতে ওবামা বলেন, “লিবিয়ায় আমাদের কর্মকর্তাদের নিরাপত্তা রক্ষায় প্রয়োজনীয় সব ব্যবস্থা নেয়ার জন্য আমি প্রশাসনকে নির্দেশ দিয়েছি। একইসঙ্গে বিশ্বব্যাপী যুক্তরাষ্ট্রের কূটনৈতিক কেন্দ্রগুলোতে নিরাপত্তা বাড়াতে বলেছি।”
লিবিয়ায় মার্কিন কুটনীতিকদের নিরাপত্তা বাড়াতে সেখানে সন্ত্রাসবিরোধী একটি নৌ সেনাবহর পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। এক মার্কিন কর্মকর্তা রয়টার্সকে একথা জানিয়েছেন। তবে এ ব্যাপারে বিস্তারিত কিছু জানান নি তিনি।
মঙ্গলবার বেনগাজির কনস্যুলার ভবনে জঙ্গি হামলার পর একটি গাড়িতে করে নিরাপদ স্থানে যাওয়ার পথে রকেট হামলায় মার্কিন রাষ্ট্রদূত স্টিভেনস এবং দূতাবাসের আরো তিন কর্মকর্তা নিহত হন বলে জানিয়েছেন মার্কিন ও লিবিয়ার কর্মকর্তারা।
ওবামা এ হামলায় জড়িতদের বিচার করার অঙ্গীকার করেছেন। হোয়াইট হাউজের রোজ গার্ডেনে ওবামা সাংবাদিকদের বলেন, এ হত্যার ন্যায়বিচার করা হবে।
তবে মিশর এবং লিবিয়ার কূটনৈতিক ভবনে হামলার ঘটনা সামাল দেওয়ার বিষয়টি নিয়ে ইতোমধ্যেই ওবামার সমালোচনা করেছেন আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী মিট রমনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৮৪৫ঘ.
bdnews24