২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ওবামার পথের কাঁটা জাতীয়তা, আর রমনির সম্পদ

যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলের ভোটারদের দলে টানতে প্রেসিডেন্ট বারাক ওবামার পথের কাঁটা তার জাতীয়তা, ধর্ম। আর প্রতিদ্বন্দ্বী প্রার্থী মিট রমনির ক্ষেত্রে সম্পদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Sep 2012, 01:19 PM

Updated : 24 Aug 2022, 12:06 PM

ওয়াশিংটন, সেপ্টেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্ব ও দক্ষিণ-মধ্যাঞ্চলের অনেক ভোটারই প্রেসিডেন্ট বারাক ওবামা পুরোপুরি আমেরিকান নন আর রমনি সম্পদশালী বলে তাদের ভোট দিতে অনীহা প্রকাশ করেছে। বার্তা সংস্থা রয়টার্স ও আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান আইপসস পরিচালিত একটি জনমত জরিপ অনুযায়ী, ওই অঞ্চলের ৩৮ শতাংশ ভোটার ‘খুব ধনী’ কোন প্রার্থীকে ভোট দিতে আগ্রহী নয়। রমনি নির্বাচিত হলে তার সব পরিকল্পনা ধনীদের অনুকূলেই যাবে বলে মনে করেন ভোটারদের অনেকে। অন্যদিকে, ওবামার অবস্থান এর চেয়ে ভাল। ওই এলকার ২০ শতাংশ ভোটার জানিয়েছেন, তারা একজন আফ্রিকান-আমেরিকানকে ভোট দিতে রাজি না। গত কয়েকমাস ধরে জরিপটি পরিচালনা করেছে রয়টার্স ও আইপসস। বেসরকারি কোম্পানির নির্বাহী হিসাবে দায়িত্ব পালকারী ম্যাসাচ্যুসেটসের সাবেক গভর্নর মিট রমনির সম্পদের পরিমাণ প্রায় ২৫ কোটি মার্কিন ডলার। আর ওবামার বাবা হচ্ছেন একজন কেনিয়ান এবং অনেকের অভিযোগ, বারাক ওবামার জন্ম হাওয়াইতে নয় কেনিয়ায়। এ অভিযোগ উঠার পর ওবামার দেখানো জন্ম সনদ অনুযায়ী তার জন্ম হাওয়াই অঙ্গরাজ্যে বলে জানা যায়। কিন্তু বিরোধীদের বক্তব্য ওই জন্ম সনদ ভুয়া। তাছাড়া, ওবামা খ্রিস্টান ধর্মে দিক্ষীত হলেও আদতে মুসলিম। ভোটারদের ভোট দিতে অনীহার এটিও একটি কারণ। তারপরও জরিপে এখনো রমনিকে পেছনে ফেলে এগিয়ে যাচ্ছেন ওবামাই। সোমবারের জরিপে দেখা গেছে, রমনির চেয়ে ৫ পয়েন্ট এগিয়ে গেছেন ওবামা। সিএনএন/ওধারসি পরিচালিত জরিপে সম্ভাব্য ভোটারদের মধ্যে ওবামাকে ৬ পয়েন্টে এগিয়ে থাকতে দেখা গেছে। সিএনএন পরিচালিত জরিপে দেখা যায়, রমনির জনসমর্থন জাতীয় সম্মেলনের আগের ৫০ শতাংশ থেকে কমে হয়েছে ৪৮ শতাংশ। আর একইসময়ে ওবামার জনসমর্থন ৫২ শতাংশ থেকে বেড়ে হয়েছে ৫৭ শতাংশ। নির্বাচনী প্রতিদ্বন্দ্বীতার জন্য গুরুত্বপূর্ণ নয়টি অঙ্গরাজ্যের মধ্যে আটটিতেই ওবামা এগিয়ে রয়েছেন বলে জানিয়েছে রয়টার্স-আইপসস। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৯০২ঘ.