২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাশিয়ার চোখে আসাদ এখনও ‘বৈধ’

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের সরকার এখনও ‘বৈধতা’ ধরে রেখেছেন বলে দাবি করেছে রাশিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Sep 2012, 04:54 AM

Updated : 24 Aug 2022, 12:06 PM

প্যারিস, সেপ্টেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের সরকার এখনও ‘বৈধতা’ ধরে রেখেছেন বলে দাবি করেছে রাশিয়া। রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী ও মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত মিখাইল বোগদানভ মনে করেন আসাদ সরকারের প্রতি সিরিয়ায়র অধিকাংশ জনগণের সমর্থন রয়েছে। সোমবার ফরাসি দৈনিক লা ফিগারোয় বোগদানভের প্রকাশিত বক্তব্যে আসাদের প্রতি রাশিয়ার বর্তমান দৃষ্টিভঙ্গি উঠে আসে। প্যারিসে সিরিয়ার সরকার বিরোধীদের সঙ্গে এক বৈঠকের পর তিনি এসব কথা বলেন। “সিরিয়ার সরকারের ভিত্তি এখনও দৃঢ়। সিরিয়ার জনগণের পক্ষ থেকে গুরুত্বপূর্ণ সমর্থন পাচ্ছে তারা,” বলেন তিনি। “আসাদের প্রতি ভালোবাসা থেকে এই সমর্থন আসেনি, বরং তাকে ক্ষমতা থেকে যারা সরাতে চাইছে তাদের ভয়েই এই সমর্থন।” তিনি আরো জানান, নির্বাচনের মাধ্যমে অন্য কোনো নেতাকে যদি সিরীয়রা নির্বাচন করে তবে ক্ষমতা ছাড়তে প্রস্তুত প্রেসিডেন্ট আসাদ, রাশিয়াকে দেওয়া প্রতিশ্র“তিতে তিনি এমন কথাই বলেছেন। তবে এ বিষয়ে আসাদ কতোটা আন্তরিক তা অবশ্য নিশ্চিত করে বলতে পারেননি তিনি। বোগদানভ বলেন, “নির্বাচনে হেরে গেলে ক্ষমতা থেকে সরে দাঁড়ানোর প্রতিশ্র“তি মস্কোকে দিয়েছেন আসাদ। আসাদ নিজে আমাদের এ কথা বলেছেন। তবে এ বিষয়ে তিনি কতোটা আন্তরিক তা আমি জানি না।” “তবে তিনি কোনো দ্বিধা ছাড়াই আমাদের জানিয়েছেন, জনগণ তাকে না চাইলে, নির্বাচনের মাধ্যমে অন্য কোনো নেতাকে পছন্দ করলে, তিনি ক্ষমতা ছেড়ে দেবেন।” সিরিয়ায় যে কোনো ধরনের বিদেশি হস্তক্ষেপের প্রবল বিরোধী রাশিয়া। সিরিয়ার গৃহযুদ্ধ বন্ধ করতে বিদ্রোহীদের চাপ দেওয়ার জন্য পশ্চিমা ও আরব দেশগুলোর প্রতি বারবার আহ্বান জানাচ্ছে তারা। বোগদানভ জানান, সিরিয়ার সমস্যার একটি কূটনৈতিক সমাধানের ব্যাপারে ‘আশা’ হারায়নি রাশিয়া। যদি নিরাপত্তা পরিষদ জাতিসংঘের সিরিয়া বিষয়ক সাবেক দূত কফি আনানের মধ্যস্থতায় সিরিয়ার অর্র্ন্তবতী সরকার সংক্রান্ত সমঝোতাটির আনুষ্ঠানিক অনুমোদন দিতো তবেই তা সম্ভব হতো বলে মনে করেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১০৫০ ঘ.