২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রিন্স হ্যারিকে হত্যার হুমকি তালেবানের

আফগানিস্তানের যুদ্ধাভিযানে পাঠানো প্রিন্স হ্যারিকে অপহরণ ও হত্যার হুমকি দিয়েছে তালেবানরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Sep 2012, 11:12 AM

Updated : 24 Aug 2022, 12:06 PM

কাবুল, সেপ্টেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আফগানিস্তানের যুদ্ধাভিযানে পাঠানো প্রিন্স হ্যারিকে অপহরণ ও হত্যার হুমকি দিয়েছে তালেবানরা। আফগান তালেবান মুখপাত্র জাবিহুল¬াহ মুজাহিদ সোমবার এক গোপন স্থান থেকে রয়টার্সকে বলেছেন, “আমরা সর্বশক্তি দিয়ে তাকে হয় মেরে নয়তো অপহরণ করে তার কবলমুক্ত হওয়ার চেষ্টা চালাচ্ছি।” “তাকে (হ্যারি) সরিয়ে দিতে আমরা হেলমান্দে আমাদের কমান্ডারদেরকে যথাসাধ্য সবকিছু করার ব্যাপারে অবহিত করেছি,” বলেন তিনি। যুদ্ধক্ষেত্রে ব্যবহৃত হেলিকপ্টারের পাইলট হিসাবে হ্যারি গত সপ্তাহে আফগানিস্তানে পৌঁছেছেন । আফগানিস্তানের সংঘাতপূর্ণ প্রদেশ হেলমান্দের ক্যাম্প ব্যাসনে চার মাসের জন্য মোতায়েন করা হয়েছে যুক্তরাজ্যের রানি এলিজাবেথের নাতি হ্যারিকে। তালেবানদের বিরুদ্ধে পরিচালিত নেটো বাহিনীর যুদ্ধে প্রথম সারিতে থাকবেন তিনি। যুক্তরাষ্ট্রের লাস ভেগাসের এক হোটেল কক্ষে তোলা তার নগ্ন ছবি গণমাধ্যমে প্রকাশ হওয়ার দুই সপ্তাহ পর যুদ্ধক্ষেত্রের দায়িত্ব নিয়েছেন ব্রিটিশ রাজসিংহাসনের তৃতীয় উত্তরাধিকারী ২৭ বছর বয়সী প্রিন্স হ্যারি। সামরিক বাহিনীতে ক্যাপ্টেন ওয়ালস নামে পরিচিত হ্যারি প্রথম ২০০৮ সালে আফগানিস্তানে তালেবান বিরোধী যুদ্ধে অংশ নিয়েছিলেন। তখন তিনি ভূমি থেকে যুদ্ধ বিমান নিয়ন্ত্রণের দায়িত্ব পালন করতেন। কিন্তু ওই সময় তাকে গোপনে মোতায়েন করা হলেও গণমাধ্যমে সে খবর প্রকাশিত হওয়ার পর নিরাপত্তার স্বার্থে তাকে আফগানিস্তান থেকে প্রত্যাহার করে নেওয়া হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৬৩০ঘ.