লন্ডন, সেপ্টেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আফগানিস্তানে মার্কিন সেনাদের দীর্ঘমেয়াদী অবস্থান মেনে নিয়ে শান্তি চুক্তির আলোচনায় বসতে কয়েকজন তালেবান নেতা রাজি হয়েছেন বলে জানিয়েছে যুক্তরাজ্যের একটি সংবাদপত্র।
সোমবার যুক্তরাজ্যের দি গার্ডিয়ান পত্রিকায় প্রকাশিত এক প্রতিবেদন এ কথা জানানো হয়।
এতে আরো জানানো হয়, মার্কিন সেনা উপস্থিতি মেনে নিলেও প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের সরকার মেনে নেবে না বলে জানিয়েছে এ নেতারা।
যুক্তরাজ্যের রয়েল ইউনাইটেড সার্ভিসেস ইনস্টিটিউটে (আরইউএসআই) প্রকাশিতব্য একটি প্রতিবেদনের বরাত দিয়ে পত্রিকাটি জানায়, এ শান্তি আলোচনা ফলপ্রসু করার উদ্দেশ্যে আল কায়েদার সঙ্গে সং¯্রব শেষ করার সিদ্ধান্ত নিয়েছে তালেবান গোষ্ঠী। এছাড়া নারীশিক্ষা নিয়ে আলোচনা করতেও রাজি হয়েছে তারা।
‘পুনর্গঠন নিয়ে তালেবান দৃষ্টিভঙ্গি’ শিরোনামে আরইউএসআই’র এ প্রতিবেদনটিতে চার শীর্ষ তালেবান নেতার সাক্ষাৎকার প্রকাশ করা হয়। তবে তাদের নাম অপ্রকাশিত রাখা হয়েছে।
চার নেতার মধ্যে দু’জন তালেবান সরকারের মন্ত্রী ছিলেন এবং বর্তমানে কেন্দ্রীয় তালেবান নেতাদের মধ্যে রয়েছেন তারা। অপর একজনকে প্রতিষ্ঠাতা তালেবান সদস্য হিসেবে পরিচয় দেয়া হয়।
প্রতিষ্ঠাতা এ সদস্য সাক্ষাৎকারে বলেন, আল-কায়েদা ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে মার্কিন অভিযানকে তালেবান সমর্থন দেবে যদি এ অভিযান অন্য কোনো দেশে আগ্রসন চালানোর অজুহাত হিসেবে ব্যবহার না করা হয়, অথবা তা আফগান রাজনীতিতে হস্তক্ষেপ না করে।
প্রতিবেদনে আরো বলা হয়, যে কোনো যুদ্ধবিরতি ইসলামের দৃষ্টিতে বৈধ হতে হবে, এবং একে আত্মসমর্পণ হিসেবে দেখা যাবে না।
বরাবরই কারজাই সরকারের বিরোধিতা করে আসছে তালেবান নেতারা। ২০০৩ সালে অনুমোদিত আফগান সংবিধানও অস্বীকার করে তারা।
২০০১ সালে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে যৌথবাহিনী আফগানিস্তানের তালেবান সরকারকে উৎখাত করার পর থেকে দেশটিতে সহিংসতা অব্যাহত রয়েছে। সাম্প্রতিক সময়ে এ অবস্থার আরো অবনতি হয়েছে।
২০১৪ সালের মধ্যে আফগানিস্তান থেকে ন্যাটোর যৌথবাহিনীর এক লাখ সেনা সরিয়ে নেয়ার কথা রয়েছে। এ অবস্থায় শান্তি আলোচনা গুরুত্বপূর্ণ বলে মনে করছে পশ্চিমা শক্তিগুলো।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/সিআর/১৫২৬ ঘ.
bdnews24