২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জার্মানিতে খতনা নিষিদ্ধের বিরুদ্ধে ইহুদি-মুসলিমদের বিক্ষোভ

খতনার উপর নিষেধাজ্ঞা জারি করে জার্মানির এক আদালতের দেয়া রায়ের বিরুদ্ধে কয়েকশ’ মুসলিম ও ইহুদি একসঙ্গে বিক্ষোভ করেছে বার্লিনে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Sep 2012, 07:26 AM

Updated : 24 Aug 2022, 12:06 PM

বার্লিন, সেপ্টেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- খতনার উপর নিষেধাজ্ঞা জারি করে জার্মানির এক আদালতের দেয়া রায়ের বিরুদ্ধে কয়েকশ’ মুসলিম ও ইহুদি একসঙ্গে বিক্ষোভ করেছে বার্লিনে। রোববারের এ বিক্ষোভে ধর্মপালনের স্বাধীনতার দাবি জানিয়ে এক কাতারে স্লোগান দেয় বিক্ষোভকারী মুসলিম ও ইহুদিরা। গত জুন মাসে কোলনের একটি আদালত খতনার উপর নিষেধাজ্ঞা জারি করে আদেশ দেয়। এ আদেশ শুধু কোলন অঞ্চলে প্রযোজ্য হলেও পুরো জার্মানিতেই আইনি জটিলতার অজুহাতে চিকিৎসকরা খতনার লক্ষ্যে অস্ত্রোপচার করতে অস্বীকৃতি জানান। নাৎসি নৃশংসতার ইতিহাসধারী জার্মানিতে নতুন বিতর্কের জন্ম দেয় এ ঘটনা। নাৎসিদের বই পোড়ানোর ঘটনার সাক্ষ্য বহনকারী বার্লিনের বেবেলপ্লাজ স্কয়ারে অন্তত তিনশ’ মুসলিম, ইহুদি ও তাদের সমর্থকরা জড়ো হয়। ‘অবশেষে, জার্মানি ঔপনিবেশিক শক্তিতে পরিণত হলো আবার’ সহ বিভিন্ন স্লোগান লেখা প্ল্যাকার্ড নিয়ে তারা বিক্ষোভ করে। এছাড়া একটি বালকের ব্যঙ্গাত্মক পুতুলও ছিলো বিক্ষোভে। বিক্ষোভে অনেকে ইসরায়েলের পতাকা গায়ে জড়িয়ে অংশ নেয়। বার্লিনের ইহুদি সম্প্রদায়ের সাবেক প্রধান লালা সিউসকিন্ড বলেন, খতনার বিরুদ্ধে বিভিন্ন উত্তপ্ত ও অর্থহীন কথাবার্তা শুনতে শুনতে আমরা ক্লান্ত। তাই আমরা পরিষ্কারভাবে বলতে চাই যে, খতনা আমাদের জন্য একটি ধর্মীয় আচার। ইহুদি ধর্মের রীতি অনুযায়ী, কোনো বালকের আট বছর বয়সে খতনা সম্পন্ন করতে হয়। ইসলাম ধর্মে এ বয়স বিভিন্ন দেশ, গোত্র ও পারিবারিক রীতি অনুযায়ী ভিন্ন হয়ে থাকে। গত সপ্তাহে বার্লিনে শুধু ধর্মীয় আচার হিসেবে খতনা করানোকে বৈধতা দেওয়া হয়। এ ধর্মীয় আচার ধরে রাখার উদ্দেশ্যে এরপর আরো ১৫টি রাজ্যে খতনার বৈধতা দেওয়া হয়। কোলনের আদালতের রায়টি বাতিল করে খতনার জন্য অস্ত্রোপচার বৈধ করার উদ্দেশ্যে একটি আইন পাস করার চেষ্টা করছে জার্মানির কেন্দ্রীয় সরকার। তবে এ আন্দোলনে ইহুদিরা জড়িত থাকায় এসব পদক্ষেপ নেয়া হয়েছে অনেক দ্রুত। দ্বিতীয় বিশ্বযুদ্ধে ইহুদি নির্যাতনে জার্মানির প্রত্যক্ষ ভূমিকার পরিপ্রেক্ষিতেই এটি ঘটেছে। জার্মান চ্যান্সেলর এঙ্গেলা মার্কেল বলেন, ইহুদিদের ধর্মীয় আচার পালনে বাধা দিলে জার্মানিকে আবারো একটি ‘হাস্যরসের বস্তুতে’ পরিণত করার ঝুঁকি নেওয়া হবে। জার্মানিতে বৈধভাবে বসবাসকারী প্রায় ১ লাখ ২০ হাজার ইহুদি রয়েছে। মুসলিম রয়েছে প্রায় চার লাখ যাদের বেশিরভাগই প্রতিবেশী তুরস্ক থেকে আসা। কোলন শহরে এক বালকের খতনার অস্ত্রোপচারের পর অতিরিক্ত রক্তক্ষরণের ঘটনায় বালকদের খতনার বিরুদ্ধে রায় দেয় আদালত। তবে প্রাপ্তবয়স্কদের অনুমতি সাপেক্ষে এ অস্ত্রোপচার করার অনুমতি দেওয়া হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/সিআর/১৩২৩ ঘ.