বৈরুত, সেপ্টেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-বিদ্রোহীদের খোঁজে সিরিয়ার রাজধানী দামেস্কের ফিলিস্তিনি শরণার্থী শিবির ইয়ারমউকে শনিবার অভিযান চালিয়েছে সিরীয় সেনাবাহিনী। অভিযানের আগে রাজধানীর দক্ষিণাংশের ওই এলাকাটিতে টানা চারদিন ধরে গোলাবর্ষণ করেছে সেনাবাহিনী।
সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ বিরোধী আন্দোলনকারীরা এসব খবর জানিয়েছে।
গোলাবর্ষণে শুক্রবার শিবিরটির ১০ বাসিন্দা নিহত হয়েছে বলে দাবী করেছে তারা। শিবিরটিকে আশ্রয়স্থল হিসেবে ব্যবহার করতো বিদ্রোহিরা।
আবু ইয়াসির আল সামি নামের এক আন্দোলনকারী জানিয়েছে, শনিবার সেনাবাহিনীর অভিযানের মুখে ইয়ারমউকে বসবাসকারী তার বন্ধুরা পালিয়ে গেছে।
স্কাইপে ওয়েবসাইটের মাধ্যমে তিনি বলেন, “ইয়ারমউক শিবিরের আল বাসেল হাসপাতালেও হামলা চালিয়েছে আসাদ বাহিনী। সেখান থেকে আহত অনেক বেসামরিক নাগরিককে গ্রেপ্তার করেছে তারা।”
ইয়ারমউক শরণার্থী শিবিরে সিরীয় নিরাপত্তা বাহিনীর নিয়ন্ত্রণ অনেকটা শিথিল ছিল। জুলাইতে দামেস্কের কেন্দ্রস্থলে বিদ্রোহীদের হামলার সময় সিরীয় সেনাবাহিনী দ্রুত বিদ্রোহীদের শহরের দক্ষিণাংশে ইয়ারমউক শিবিরের দিকে তাড়িয়ে নিয়ে যায়।
বিদ্রোহীদের আশ্রয়স্থলে বা শক্ত অবস্থানে হামলার জন্য সিরিয়ার সেনাবহিনী বেশিরভাগ সময় আকাশ হামলা ও গোলন্দাজ বাহিনী ব্যবহার করে। এসব হামলার মুখে বেশিরভাগ বিদ্রোহী সরে পরার পর তারা পদাতিক বাহিনী মোতায়েন করে। ইয়ারমউকেও এ পদ্ধতি অনুসরণ করা হয়েছে।
আন্দোলনকারীরা জানিয়েছে, পদাতিক বাহিনীর বেশিরভাগে সদস্য সুন্নি মুসলিম হওয়ায় এবং যুদ্ধক্ষেত্রে তারা পক্ষত্যাগ করতে পারে এমন আশঙ্কা থাকায় এই বাহিনী ব্যবহার করার ক্ষেত্রে সতর্ক প্রেসিডেন্ট আসাদ।
ইয়ারমউকের বাসিন্দারা অভিযোগ করে জানিয়েছে, সেনাবাহিনী শিবিরটির ওপর নির্বিচার গোলাবর্ষণ করেছে।
সিরিয়ার আন্দোলন-বিদ্রোহে প্রেসিডেন্ট আসাদের পক্ষবিপক্ষে বিভক্ত হয়ে আছে ফিলিস্তিনিরা। তবে এখন অনেক ফিলিস্তিনিই আসাদ বিরোধী আন্দোলনে যোগ দিচ্ছে বলে বিভিন্ন লক্ষণে প্রকাশ পাচ্ছে।
লন্ডন ভিত্তিক সিরীয় সরকার বিরোধী মানবাধিকার সংগঠন ‘দ্যা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস’ দাবী করেছে, শনিবার ইয়ারমউকের পাশের হাজরে আল আসওয়াদ এলাকায়ও গোলাবর্ষণ করা হয়েছে।
শুক্রবার পুরো সিরিয়ায় বিভিন্ন সংঘর্ষে ১’শ ৭০ জন নিহত হয়েছে বলে জানিয়েছে সংগঠনটি। এদের মধ্যে অধিকাংশই দামেস্ক ও আলেপ্পোয় নিহত হয়েছে।
১৭ মাসেরও বেশি সময় ধরে চলা সিরিয়ার আন্দোলন-বিদ্রোহে ২৩ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে বলে দাবী করেছে মানবাধিকার সংগঠনটি। প্রায় ২ লাখ সিরীয় নাগরিক প্রতিবেশি দেশ তুরস্ক, জর্দান, ইরাক ও লেবাননে পালিয়ে গেছে বলে জানিয়েছে তারা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/১৩০৫ ঘ.
bdnews24