ঢাকা, সেপ্টেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আফগান কর্তৃপক্ষের কাছে বিতর্কিত বাগরাম কারাগারের দায়িত্ব হস্তান্তর করেছে মার্কিন বাহিনী।
ওই কারাগারটিতে তিন হাজারের বেশি তালেবান যোদ্ধা ও সন্দেহভাজন সন্ত্রাসী আটক আছে। আফগান কর্মকর্তারা জানিয়েছেন, বন্দিদের দায়িত্ব তাদের হাতে হস্তান্তর করা হয়েছে।
কয়েকজন মার্কিন ও নেটো কর্মকর্তার উপস্থিতিতে এক ছোট্ট অনুষ্ঠানের মধ্য দিয়ে বাগরাম জেলের দায়িত্ব তুলে দেওয়া হয় আফগানদের হাতে।
এ সময় মার্কিন সামরিক কর্মকর্তা কর্নেল রবার্ট তারাদাশ বলেন, “আমরা ৩ হাজারের বেশি আফগান বন্দিকে আপনাদের হেফাজতে স্থানান্তর করলাম। আর যারা আফগানিস্তান ও যৌথ বাহিনীর অংশীদারিত্বে হুমকি বলে গণ্য তাদের যুদ্ধক্ষেত্রে না ফেরার নিশ্চয়তা দিলাম।”
ওদিকে, আফগান প্রতিরক্ষামন্ত্রী এনায়েতুল্লাহ নাজারি বলেন, “আমাদের আফগান নিরাপত্তা বাহিনী সুপ্রশিক্ষিত। আজ আমরা স্বাধীনভাবে বন্দিদেরকে আমাদের হেফাজতে নেওয়ার মধ্য দিয়ে এ গুরুদায়িত্ব পালনের সুযোগ পেয়ে আনন্দিত। বিদেশি বাহিনীর কাছ থেকে আমরা এ দায়িত্ব নিচ্ছি।”
২০১৪ সালে আফগানিস্তান থেকে নেটো সেনা প্রত্যাহার করে নেওয়ার আগে চুক্তির আওতায় আফগান বন্দিদেরকে স্থানীয় কর্তৃপক্ষের হাতে হস্তান্তর করল যুক্তরাষ্ট্র।
আফগান তালেবানরা ২০১৪ সালের পরও দেশটিতে মার্কিন সামরিক উপস্থিতি মেনে নিয়ে যুদ্ধবিরতি বা রাজনৈতিক সমঝোতায় পৌঁছতে রাজি থাকার ইঙ্গিত দেওয়ার পর বাগরাম জেল হস্তান্তরের এ খবর এল।
মার্কিন বাহিনী নিয়ন্ত্রিত যে কারাগারগুলোতে বন্দিদের ওপর নির্যাতনের অভিযোগ আছে বাগরাম কারাগার তার মধ্যে অন্যতম।
প্রেসিডেন্ট হামিদ কারজাই কারাগারের দায়িত্ব হস্তান্তরের প্রশংসা করলেও কিছু বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে মতানৈক্য কাটেনি।
কারণ, ওয়াশিংটন জানিয়েছে, কারাগারের কয়েকজন বন্দিকে এখনো নিয়ন্ত্রণে রাখবে তারা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৮০৯ঘ.
bdnews24