কাবুল, সেপ্টেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- কাবুলের কড়া নিরাপত্তা বেষ্টনী দিয়ে ঘেরা ন্যাটো সদর দপ্তরের সামনে শনিবার এক আত্মঘাতী বোমা হামলায় ছয় বেসামরিক ব্যক্তি নিহত হয়েছে।
ন্যাটো ও আফগানিস্তানের কর্মকর্তারা এ খবর জানিয়েছেন।
ন্যাটোর এক মুখপাত্র জানান, মোটরসাইকেল বোঝাই বিস্ফোরক নিয়ে এক আত্মঘাতী ন্যাটোর দপ্তরের ক্যাম্প ইগার এর প্রবেশপথের কাছে এসে বিস্ফোরণ ঘটায়।
আফগানিস্তানে মোতায়েন বহুজাতিক বাহিনীর প্রায় ২ হাজার ৫শ’ সদস্য ন্যাটোর এই ঘাঁটিটিতে বসবাস করে। এরা আফগান নিরাপত্তা বাহিনীর প্রশিক্ষক হিসেবে কাজ করে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, ন্যাটো ঘাঁটির কাছের রাস্তায় মানুষের শরীরের ছিন্নবিচ্ছিন্ন অংশ ও রক্ত ছড়িয়ে ছিটিয়ে আছে। অ্যাম্বুলেন্স এসে সরিয়ে নেওয়ার আগে নিহতদের মধ্যে ছোট শিশুদের লাশ দেখেছেন বলে জানিয়েছেন তারা।
নিহতদের মধ্যে কয়েকটি শিশুও রয়েছে বলে জানান আফগান স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র সেদিক সিদ্দিকি।
হামলার দায়িত্ব স্বীকার করেছে তালেবান। তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বলেছেন, কাবুলের সিআইএ দপ্তর লক্ষ করে হামলাটি চালানো হয়েছে।
শনিবার দুপুরের ঠিক আগে হামলাটি চালানো হয় বলে জানিয়েছেন সিদ্দিকি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১৭০০ ঘ.
bdnews24