লস অ্যাঞ্জেলেস, সেপ্টেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ডেমক্রেটদের জাতীয় সম্মেলনে প্রেসিডেন্ট বারাক ওবামার ভাষণ ও মনোনয়ন গ্রহণ অনুষ্ঠানের সবোর্চ্চ দর্শক ছিল বলে এক জরিপে জানা গেছে।
এছাড়া সামাজিক যোগাযোগ ওয়েবসাইট টুইটারে রেকর্ড সংখ্যক মন্তব্য পাওয়া যায় এ ভাষণ নিয়ে।
জরিপ প্রতিষ্ঠান নিলসেনের তথ্যানুযায়ী, ৩ কোটি ৫৭ লাখেরও বেশি দর্শক ওবামার মনোনয়ন গ্রহণের অনুষ্ঠানটি স¤প্রচারের কল্যাণে উপভোগ করেন। ১০টি ক্যাবল নেটওয়ার্কে এ অনুষ্ঠানটি তিনবার সম্প্রচার করা হয়।
সাম্প্রতিক কয়েক বছরে টেলিভিশনে রাজনৈতিক সম্মেলনের সম্প্রচারের দর্শক বিপুলভাবে কমে যায়। ২০০৮ সালে ওবামার মনোনয়ন গ্রহণের অনুষ্ঠানের দর্শকের তুলনায়ও এবার দর্শক ছিল কিছুটা কম। ওই বছর এ অনুষ্ঠানের দর্শক ছিলো ৩ কোটি ৮৪ লাখ।
গত সপ্তাহে ওবামার প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান প্রার্থী মিট রমনির মনোনয়ন গ্রহণ অনুষ্ঠানের দর্শক ছিলো ৩ কোটি ৩ লাখ।
সামাজিক যোগাযোগ সাইটগুলোতেও ডেমক্রেটদের সম্মেলন সম্পর্কে ‘টুইট’র সংখ্যা অনেক পিছে ফেলে দেয় রিপাবলিকানদের জাতীয় সম্মেলনকে।
সিরাকিউস ইউনিভার্সিটির গণমাধ্যম বিষয়ক বিশেষজ্ঞ রবার্ট ম্পসন বলেন, তরুণ ভোটারদের মধ্যে গ্রহণযোগ্যতা বাড়ানোর জন্য ওবামা সবসময় সামাজিক যোগাযোগ সাইটগুলোর যথার্থ ব্যবহার করেছেন।
এমনকি বৃহস্পতিবার ভাষণটি ‘ইউটিউবে’ আপলোডের জন্য আদর্শ সময় সাত মিনিট ধরে বিভিন্ন ভাগে বিভক্ত করা হয়েছে।
প্রেসিডেন্ট ওবামার ভাষণ সম্পর্কে প্রতি মিনিটে ৫২ হাজার ৭শ’ ৫৬টি ‘টুইট’ বা মন্তব্য করা হয়েছে, যা টুইটারে নতুন রেকর্ড সৃষ্টি করেছে।
ডেমক্রেটদের সম্মেলনের শেষ দিনে অর্থাৎ ওবামার ভাষণের দিনেই ৪০ লাখ টুইট করা হয়। রিপাবলিকানদের পুরো সম্মেলন সম্পর্কে টুইটের সংখ্যার প্রায় কাছাকাছি এটি।
আরেক সামাজিক যোগাযোগ সাইট ফেইসবুকেও আলোচনায় এগিয়ে ছিলেন ওবামা। এ আলোচনা সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনকে নিয়ে আলোচনার চেয়ে ৪০ শতাংশ বেশি ছিলো। আলোচনায় চতুর্থ অবস্থানে ছিলেন রমনি। তৃতীয় অবস্থানে ছিলেন মিশেল ওবামা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/সিআর/১৫২৫ ঘ.
bdnews24